রাজধানীতে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে গতকাল বৃহস্পতিবার আলাউদ্দিন (৩৫) নামের এক যুবকের লাশ তাঁর বাসা থেকে উদ্ধার করা হয়েছে। পেশায় ঠিকাদার আলাউদ্দিন ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।
গতকাল সকালে পুলিশ কাটাসুর এলাকার বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো আলাউদ্দিনের লাশ উদ্ধার করে।
পুলিশ বলছে, তাঁর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। এ ঘটনায় আলাউদ্দিনের দ্বিতীয় স্ত্রী শান্তা আক্তারকে আটক করা হয়েছে।
আলাউদ্দিনের গলায় আঘাত এবং বুকে ও পেটে ছোট আঁচড়ের চিহ্ন রয়েছে। স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আলাউদ্দিন স্ত্রী শান্তা আক্তারের সঙ্গে কাটাসুরের রহিম বেপারিঘাটে থাকতেন। প্রথম স্ত্রী নূরজাহান অন্যত্র থাকেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।
আটক শান্তা পুলিশকে বলেছেন, দাম্পত্য কলহের জের ধরে আলাউদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আলাউদ্দিনের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবের মাছুয়াখালে। তাঁর বাবার নাম আবুল হোসেন প্রধান।