রাজধানীতে আজ গণপরিবহন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর ফার্মগেট এলাকায় গাড়ির ভিড়। ছবি: মনিরুল আলম।
অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর ফার্মগেট এলাকায় গাড়ির ভিড়। ছবি: মনিরুল আলম।

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর চিত্র অনেকটাই স্বাভাবিক। অবরোধের সমর্থনে বড় ধরনের কোনো মিছিল, সমাবেশ বা তত্পরতা চোখে পড়েনি। রাজপথে বেড়েছে গণপরিবহন। যানজটও চোখে পড়েছে।
গত ২৯ ডিসেম্বর ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন জোট। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মুখে জোটের নেতা-কর্মীদের গণতন্ত্রের অভিযাত্রায় শামিল হতে দেখা যায়নি। পুলিশের বাধায় খালেদা জিয়াও বাসা থেকে বের হতে পারেননি। পরদিন ৩০ ডিসেম্বরও একই কর্মসূচি অব্যাহত রাখা হয়। তাতেও সফল হয়নি বিএনপি। এরপর গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছে বিএনপি।
গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি সফল করতে না পেরে বিএনপি অনেকটা হতাশ। ৫ জানুয়ারির একতরফা নির্বাচন ঠেকানোর আশাও প্রায় ছেড়ে দিয়েছে তারা। এখন তাদের লক্ষ্য অবরোধ দিয়ে ভোটারের উপস্থিতি কমানো।
কিন্তু অনির্দিষ্টকালের অবরোধেও রাজধানীতে তেমন কোনো সাড়া মিলছে না। রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা থাকলেও গত দুই দিনে ১৮ দলের নেতা-কর্মীদের কোথাও অবরোধ তৈরি করতে দেখা যায়নি। বড় ধরনের কোনো মিছিলও চোখে পড়েনি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, রাজপথে অন্যান্য হরতাল-অবরোধের চেয়ে যানবাহন চলাচল অনেক বেশি।

উল্লেখযোগ্যসংখ্যক গণপরিবহনও চোখে পড়েছে। সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোল, চক্কর, ফার্মগেট, কারওয়ান বাজার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অনেকটা স্বাভাবিক দিনের মতো যানজট চোখে পড়েছে। বেশির ভাগ দোকানপাটও ছিল খোলা।