রাজধানীতে আজ বৃষ্টি কমতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শান্তিনগরের রাস্তায় গতকাল বৃষ্টির পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এ পানি পার হয়ে ধীরগতিতে যায় বাস, ব্যক্তিগত গাড়ি, রিকশাসহ বিভিন্ন যানবাহন। জনসাধারণকে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ l ছবি: প্রথম আলো
রাজধানীর শান্তিনগরের রাস্তায় গতকাল বৃষ্টির পানিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এ পানি পার হয়ে ধীরগতিতে যায় বাস, ব্যক্তিগত গাড়ি, রিকশাসহ বিভিন্ন যানবাহন। জনসাধারণকে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ l ছবি: প্রথম আলো

সকালের সঙ্গী ছিল মেঘলা আকাশ। এরপর আকাশ ভেঙে নামল বৃষ্টি, চলল বিরামহীন। বিকেল পর্যন্ত। শুরুতে অঝোর ধারায়, আকাশ ভেঙে। দুপুরের পর থেমে থেমে। আবহাওয়া দপ্তরের হিসাবে গতকাল শনিবার সারা দিন রাজধানীজুড়ে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গতকাল বিকেল থেকে বৃষ্টির ছাট কমে সন্ধ্যায় গিয়ে তা পুরোপুরি কমে যায়। তবে আবহাওয়াবিদেরা বলছেন, আজও সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে তা গতকালের মতো অত প্রবল না হওয়ার সম্ভাবনাই বেশি। আজকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গিয়ে দু-এক দিন পর আবারও বাড়তে পারে। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ গতকাল সন্ধ্যা নাগাদ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এর ফলে বাতাসে জলীয়বাষ্প ও আকাশে মেঘের পরিমাণ বেড়ে গেছে। সেই সঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় বৃষ্টির পরিমাণ বেড়েছে।
এ ব্যাপারে আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, আজকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে দেশের বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হবে।
গতকাল বন্ধের দিন হওয়ায় বাসায় বসে দিনভর বৃষ্টি অনেকেই উপভোগ করেছেন। কিন্তু যাঁদের নানা কাজে ঘরের বাইরে বের হতে হয়েছে, তাঁদের কষ্টের সীমা ছিল না। জলজট-যানজট মিলেমিশে নগরবাসীর দুর্ভোগ যেন আরও বাড়িয়েছে।
আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণে গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ১৫৪ মিলিমিটার। নোয়াখালীতে ৭৭ মিলিমিটার, খুলনায় ৪৯ ও রংপুরে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আজকের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের বেশ কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।