রাজধানীর পল্লবী থেকে জঙ্গি সংগঠন জেএমবির এক অর্থবাহক ও এক আশ্রয়দাতাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র্যা ব। তাঁরা হলেন নীলফামারীর আতিকুর রহমান (২১) ও বরিশালের খাদেমুল ইসলাম (২৮)। গত সোমবার রাতে র্যা ব-৪-এর একটি দল পল্লবীর লালমাটিয়া এলাকা থেকে তাঁদের আটক করে। গতকাল মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র্যা বের মিডিয়া সেন্টারে এ নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে র্যা ব-৪-এর পরিচালক খন্দকার লুৎফুল কবির বলেন, গত ৮ অক্টোবর র্যা বের অভিযানে নিহত জঙ্গিনেতা আবদুর রহমান ওরফে সারোয়ার জাহানের নির্দেশে আতিকুর রহমান বিভিন্ন এলাকায় অর্থ বহন করে নিয়ে যেতেন। আতিকুর গাজীপুরসহ কয়েকটি এলাকায় অর্থ দিয়ে আসেন এবং টঙ্গীর একটি বস্তিতে অর্থ দিতে গিয়ে খাদেমুল ইসলামের সঙ্গে পরিচিত হন। অন্যদিকে প্রাথমিক পর্যায়ে ঘরছাড়া জঙ্গিদের আশ্রয় দেওয়ার দায়িত্বে ছিলেন আটক খাদেমুল। তিনি তাঁর ছোট ভাই নাজমুলের মাধ্যমে জঙ্গিবাদের দিকে ঝোঁকেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আতিকুর রহমান ২০১১ সালে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পাস করেন। এরপর ২০১৪ সালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে রংপুরে যান বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে। ২০১৫ সালে তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হন। এখানে কিছুদিন ক্লাস করার পর অর্থাভাবে পড়ালেখা বন্ধ করে দেন। পরে এ বছরের জানুয়ারি মাসে ফেসবুকে ফজলে রাব্বী নামের একজনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে এই ফজলে রাব্বীর মাধ্যমেই আতিকুর রহমান জঙ্গিবাদে সম্পৃক্ত হন।