রাজধানীতে আতঙ্ক, নিরাপত্তা বেড়েছে
গুলশানের হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলা, জিম্মি ও হত্যাযজ্ঞের ঘটনা আতঙ্কিত করেছে রাজধানীবাসীকে। সামনে ঈদ হলেও রাজধানীর বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় গতকাল শনিবার কম ছিল। আর গুলশান এলাকায় ঢোকার পথগুলো সব বন্ধ করে রেখেছে পুলিশ।
গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারী জঙ্গিরা অতিথিদের জিম্মি করে ও হত্যাযজ্ঞ চালায়। এ ঘটনায় শুক্রবার রাত থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়। বিদেশি নাগরিকদের চলাচল সীমিত হয়ে যায়। দেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মীদের বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও মানুষ নিজেদের নিরাপত্তাহীনতা প্রকাশ করেছেন।
ঈদের আগে অনেক রাত পর্যন্ত রাজধানীর বিপণিবিতানগুলোতে মানুষের ভিড় থাকে। তার ওপর শুক্রবার থেকে সরকারি চাকুরেদের নয় দিনের ঈদের ছুটি শুরু হয়ে গেছে। তাই বিক্রেতারা আশা করেছিলেন, শুক্রবার গভীর রাত পর্যন্ত ভালো বেচা-বিক্রি হবে। কিন্তু গুলশানের ঘটনায় শুক্রবার রাত ১১টার পরই রাজধানী অনেকটা ফাঁকা হয়ে যায়। গুলশান এলাকার সব বিপণিবিতান বন্ধ করে দেওয়া হয়।
বসুন্ধরা শপিং মলের নীলাচল শাড়ির দোকানের মালিক ফয়েজ আহমেদ বলেন, ছুটি শুরু হয়ে যাওয়ায় তাঁরা ভেবেছিলেন, শনিবার (গতকাল) অনেক ক্রেতাসমাগম হবে। কিন্তু ক্রেতা ছিল অনেক কম। এমনকি ব্যবসায়ীদের অনেকেই আতঙ্কিত হয়েছেন। বিপণিবিতানটির নিরাপত্তা আরও জোরদার করার কথা তাঁরা কর্তৃপক্ষকে জানাবেন।
বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে বলেন, গুলশানের ঘটনায় শুক্রবার রাত থেকেই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দর্শনার্থীদের বিমানবন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বিমানবন্দরে ঢোকার পথগুলোতে সব যানবাহন শতভাগ তল্লাশি করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে ‘ক্রাইসিস রেসপন্স টিম’।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ চৌকি বসিয়ে যানবাহন তল্লাশি করছে। গুলশানের কূটনৈতিক পাড়ার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবন ও চলাফেরার নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
পুলিশের প্রোটেকশন বিভাগের একজন কর্মকর্তা বলেন, এখন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে।