রাজধানীতে আনন্দ মিছিল, সন্তোষ প্রকাশ
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় গতকাল বুধবার আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন। এ ছাড়া বিবৃতি দিয়ে রায়কে স্বাগত জানিয়ে কয়েকটি রাজনৈতিক দল বলেছে, এই রায় ন্যায়বিচারের প্রতিফলন।
রায় ঘোষণার পর দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা অবস্থান নেন। রায় শোনার পর তাঁদের কেউ কেউ সেখানে মিষ্টি বিতরণ করেন।
শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আনন্দ মিছিল করেছে জাতীয় প্রেসক্লাবের সামনে। এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে ছাত্রলীগের সমাবেশে জামায়াতের ডাকা আজ বৃহস্পতিবারের হরতাল মোকাবিলা করার ঘোষণা দেওয়া হয়।
সাকা চৌধুরী ও মুজাহিদের রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, এই দুজন মানবতার বিরুদ্ধে যে জঘন্য অপরাধ করেছিলেন, তাতে তাঁদের মৃত্যুদণ্ডই স্বাভাবিক বিচার। রায়ের মাধ্যমে দেশবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা পৃথক বিবৃতিতে বলেন, এই রায় জন-আকাঙ্ক্ষার প্রতিফলন।