রাজধানীতে আনসারসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর কদমতলী ও মিরপুর এলাকায় আলাদা তিনটি ঘটনায় এক আনসার সদস্যসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
তাঁরা হলেন আনসার সদস্য আল আমিন (২৮) এবং মো. হোসেন (২৫) ও আবদুল খলিল (২৭)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত দেড়টার দিকে মিরপুর সেনানিবাসের একটি বাসায় দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য আল আমিন। এ সময় ইট বহনকারী একটি ট্রাক ওই এলাকায় যায়। ইট রেখে ট্রাকটি ঘোরানোর সময় পেছন দিকে আল আমিনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টার দিকে তিনি মারা যান।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী এলাকার ৩৮৬ মুরোদপুর হাইস্কুল সড়কে একটি বাড়িতে আবদুল খলিলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পাঁচতলার ওই বাড়ির চারতলার একটি ফ্ল্যাটে সপরিবারে থাকতেন তিনি। খলিলকে উদ্ধার করে তাঁর পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা আড়াইটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রথম আলোকে জানিয়েছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।
এদিকে আজ সকাল সাড়ে নয়টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মো. হোসেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা পৌনে দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর ভাই মনির হোসেন বলেন, মো. হোসেন মুন্সিগঞ্জে থাকতেন। সেখান থেকে ঢাকায় এসে সাইনবোর্ড রঙের কাজ করতেন।
তিনটি লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।