রাজধানীতে আবার অবৈধ বিলবোর্ড উচ্ছেদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় সরণি এলাকা থেকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে অবৈধ বিলবো​র্ড উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ  l ছবি: প্রথম আলো
বিজয় সরণি এলাকা থেকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে অবৈধ বিলবো​র্ড উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ l ছবি: প্রথম আলো

আবারও রাজধানীর অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, পর্যায়ক্রমে সব অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণ করা হবে। আর বৈধ বিলবোর্ডগুলোকে একটি নির্দিষ্ট নীতিমালা মেনে চলতে হবে।
উত্তর সিটি করপোরেশন গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বিজয় সরণি মোড় থেকে আবার বিলবোর্ড অপসারণের কাজ শুরু করে। এর আগে গত ঈদুল ফিতরের আগে বিলবোর্ড অপসারণের কাজ শুরু হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা সময় চাওয়ায় গত ৫ আগস্ট পর্যন্ত তাঁদের সময় দেওয়া হয়।
সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত একটি বিলবোর্ড অপসারণ করা হয়। পর্যায়ক্রমে ওই এলাকার ১০ থেকে ১২টি বিলবোর্ড অপসারণ করা হবে।
উচ্ছেদ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক রিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, বিলবোর্ড ব্যবসায়ীদের অনুরোধে গত ৫ আগস্ট পর্যন্ত বিলবোর্ড সরানোর সময় দেওয়া হয়। এরপরও অনেক প্রতিষ্ঠান বিলবোর্ড সরায়নি। এরপর সিটি করপোরেশন সংবাদপত্রে বিজ্ঞাপন ও প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে বিলবোর্ড সরাতে বললেও তারা বিলবোর্ড সরায়নি। এ কারণেই গতকাল আবার অপসারণের কাজ শুরু হয়।
রিপন কুমার সাহা আরও বলেন, এখন থেকে নিয়মিত অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণে অভিযান চালানো হবে। যেসব প্রতিষ্ঠানের বিলবোর্ড অনুমোদন পাবে, তাদেরও একটি নির্দিষ্ট নীতিমালা মেনে চলতে হবে। তিনি জানান, এ জন্য বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ, স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবীব ছাড়াও বিলবোর্ড ব্যবসায়ীদের প্রতিনিধিরা রয়েছেন। এ কমিটি কোন রাস্তায় কতগুলো বিলবোর্ড থাকবে, কীভাবে থাকবে—এসব বিষয়ে একটি নীতিমালা তৈরি করে দেবে।