রাজধানীতে আবারও গণপিটুনিতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর থানাধীন সেনপাড়া পর্বতা এলাকায় গতকাল সোমবার লুটের অভিযোগে মো. শাহাবুদ্দীন (২৫) নামের এক যুবককে পিটিয়ে মেরেছে এলাকার কিছু মানুষ। দুই দিনের মধ্যে রাজধানীতে গণপিটুনিতে হত্যার এটি দ্বিতীয় ঘটনা। নিহত শাহাবুদ্দীনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদেরগঞ্জ থানার কোরালতলীতে। তিনি পল্লবী এলাকায় থাকতেন।এর আগে গত শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে মো. বাক্কার (৪০) নামে একজনকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, সকালে সেনপাড়া পর্বতায় হোমল্যান্ড ল্যান্ড ডেভেলপার আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ে পুলিশ সেজে তিন যুবক ঢোকে। ভেতরে ছিলেন শুধু পিয়ন। যুবকেরা পিয়নকে মেরে বাথরুমে ঢুকিয়ে রাখে। এরপর কম্পিউটার মনিটর ও সিপিইউ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। তাদের দেখে প্রধান ফটকের নিরাপত্তাকর্মীরা চিৎকার করেন। দুজন পালালেও শাহাবুদ্দীনকে ধরে ফেলে স্থানীয় লোকজন। পুলিশ জানায়, সকালে অফিস খোলার পরপরই গণপিটুনি শুরু হয়। দুপুর পর্যন্ত শাহাবুদ্দীনকে আটকে তথ্য উদ্ধারের চেষ্টা চালান আবাসন প্রতিষ্ঠানটির লোকজন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ শাহাবুদ্দীনকে প্রথমে গ্যালাক্সি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে আবাসন প্রতিষ্ঠানের পরিচালক আবদুল ওহাব মিরপুর থানায় চুরির মামলা করেছেন।