রাজধানীতে আরও তিনটি সরকারি হাসপাতাল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর, উত্তরা ও ডেমরা-যাত্রাবাড়ী এলাকায় আরও তিনটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ঢাকা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ সব সরকারি হাসপাতালে শয্যা সংখ্যার তুলনায় দ্বিগুণ বা তিনগুণ রোগী থাকে। সীমিত সম্পদ নিয়ে হাসপাতালগুলো সেবা দিচ্ছে। সে কারণে রাজধানীর যেসব সংসদীয় এলাকায় হাসপাতাল নেই, সেখানে হাসপাতাল নির্মাণ করা হবে। এ সময় তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদেরই হাসপাতাল নির্মাণের জন্য নিজ নিজ এলাকায় জমি খুঁজে বের করার দায়িত্ব দেন। স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষেÿকোনো হাসপাতালের সামনে কোরবানির পশুর হাট না বসানোর আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের জমিতে অবৈধ বস্তি ও চানখাঁরপুলে প্রস্তাবিত বার্ন ইনস্টিটিউটের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চান।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসক থাকেন কি না, যন্ত্রপাতি চালু আছে কি না তা নিয়মিত তদারকি করার জন্য স্থানীয় সাংসদদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, হাসপাতাল পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে প্রতি মাসে হাসপাতালে গিয়ে একটি করে সভা করা স্থানীয় সাংসদের দায়িত্ব। দেশের সরকারি হাসপাতালগুলো স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক ও কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত হলে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে বলে তিনি মন্তব্য করেন। নিয়ম অনুযায়ী সাংসদ তাঁর নিজ এলাকার হাসপাতাল পরিচালনা বোর্ডের সভাপতি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সাংসদেরা তদবির করলেও সেবা ব্যাহত করে গ্রাম থেকে চিকিৎসক বদলি করা হবে না। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, হাবিবুর রহমান মোল্লা, কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, আসলামুল হক, হাজি সেলিম, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হকসহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক এবং ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধিরা।
সভায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে সাংসদ সাহারা খাতুনকে মনোনীত করা হয়।