রাজধানীতে ঈদ উপলক্ষে জমে ওঠার অপেক্ষায় তাঁত-বস্ত্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেলা, মেলা, মেলা’—মাইকে বাজছে নারী কণ্ঠের ঘোষণা। রাজধানীর শ্যামলী ক্লাব মাঠের ভেতরে ঢুকতেই মেলার চিরচেনা দৃশ্য। সারি সারি দোকানে নানা ধরনের সামগ্রী সাজিয়ে দোকানদারেরা বসে আছেন। শুধু ক্রেতার স্বল্পতা।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজন করা হয়েছে তাঁত ও বস্ত্র মেলা। প্রথম রোজা থেকে এসব মেলা শুরু হলেও এখনো তেমন জমে ওঠেনি। ব্যবসায়ীদের আশা, ১৫ রোজার পর থেকে বিক্রি বাড়বে। মেলা চলবে চাঁদরাত পর্যন্ত।
গতকাল বুধবার আগারগাঁও এবং শ্যামলীতে এ রকম দুটি মেলা ঘুরে দেখা গেল, ব্যবসায়ীরা দোকান ভরা পোশাক-আশাক নিয়ে বসে আছেন। নতুন করেও কিছু কিছু দোকানের সাজসজ্জার কাজ চলছে। কিন্তু ক্রেতার উপস্থিতি কম। কয়েকজন ক্রেতা ঘুরেফিরে দেখছিলেন। মেলায় ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যাই বেশি।
শ্যামলী ক্লাব মাঠে মেলার আয়োজন করেছে শ্যামলী ক্লাব। মেলা প্রাঙ্গণে বসে শ্যামলী ক্লাবের সদস্য মো. আলী বললেন, মেলায় ৮০টির মতো দোকান আছে। এবার মেলায় লোকজনের উপস্থিতি কম। তবে কয়েক দিন পরেই মেলা জমে যাবে।
তাঁত ও বস্ত্র মেলা নাম হলেও পাওয়া যাচ্ছে প্রসাধনী, ব্যাগ, জুতা থেকে শুরু করে হরেক রকম সামগ্রী। শ্যামলীর মেলায় আছে মিনি শিশুপার্ক।
আগারগাঁওয়ের মেলাতেও আছে শিশুদের খেলার ব্যবস্থা। মেলায় বাচ্চাকে নিয়ে আসছেন রেহানা আকতার। বাচ্চাকে ছোট ব্যাগ কিনে দিয়েছেন। বললেন, ‘এটা তো ঈদের কেনাকাটা না। বাসার কাছে মেলা হচ্ছে, তাই দেখতে আসছি। কেনাকাটা করব ১০ জুলাইয়ের পরে।’
আগারগাঁওয়ের মেলায় দোকান আছে ৬০টির মতো। কিন্তু এসব দোকানের অনেকগুলোরই এখনো সাজসজ্জার কাজ চলছে। গতকাল মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ইসহাক মিয়া বলেন, ‘মেলা জমেনি।
মেলায় ক্রেতা উপস্থিতি তেমন নেই। ব্যবসায়ীরা দোকানে মালপত্র ওঠাচ্ছেন। ১৫ রোজার পর থেকে ঈদের আগের দিন পর্যন্তই মূল ব্যবসা হবে।’
আর কয়েক রোজা পরে মেলায় বিক্রি বাড়বে বলেই ধারণা ব্যবসায়ীদের।
আগারগাঁও মেলায় কাপড়ের দোকানদার ইব্রাহিম বলেন, ‘ক্রেতারা আসা শুরু করেছেন। তবে কেনার চেয়ে খোঁজখবর নিতেই তাদের আগ্রহ বেশি। চাকরিজীবীদের এখনো বেতন-বোনাস হয়নি, তাই বিক্রি শুরু হয়নি। তিন-চার দিনের মধ্যে আসল বিক্রি শুরু হবে।’