রাজধানীতে ঈদের ছুটিতে তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ঈদের তিন দিনের ছুটিতে তিনটি হত্যার ঘটনা ঘটেছে। ঈদের দিন দুপুরে নগরের পল্টনের একটি আবাসিক হোটেল থেকে সৈয়দ মাজহারুল হক (৪৩) নামে এক শেয়ার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর দুুই দিন আগে কামরাঙ্গীরচরের নিজ বাড়ি থেকে জরিনা বেগম (৪৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া আরামবাগে অজ্ঞান পার্টির কবলে পড়ে মতিউর রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত বুধবার দুপুর ১২টার দিকে পুরানা পল্টনের গ্র্যান্ড আজাদ হোটেলের একটি কক্ষ থেকে শেয়ার ব্যবসায়ী মাজহারুল হকের লাশ উদ্ধার করা হয়। হোটেলের কক্ষ থেকে রক্তমাখা একটি বালিশও জব্দ করে পুলিশ। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই হোটেলের চার কর্মচারীকে গ্রেপ্তার করেছে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে আনা হয়। পুলিশের ধারণা, কেউ মাজহারুল হককে বালিশচাপা দিয়ে হত্যা করেছে। মাজহারুল হকের শ্যালক আসলাম হোসেন সাংবাদিকদের বলেন, তাঁর ভগ্নিপতি সপরিবারে খিলগাঁও তালতলা এলাকার একটি বাসায় থাকতেন। তবে মাঝেমধ্যে ব্যবসায়িক কারণে তিনি এই হোটেলে উঠতেন। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, মাজহারুল হোটেলকক্ষে খুন হন আটটায়, কিন্তু পুলিশকে জানানো হয় চার ঘণ্টা পর। ওই দিন মাজহারুল ছাড়া ওই হোটেলে আর কোনো অতিথি ছিলেন না। পুলিশের ধারণা, এ খুনের সঙ্গে হোটেলকর্মীরা জড়িত। মাজহারুলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরের দিলামপুরে। তাঁর বাবার নাম আজিজুল হক। তিনি দুই সন্তানের জনক ছিলেন। গৃহবধূ খুন: গত সোমবার মধ্যরাতে পুলিশ কামরাঙ্গীরচর থানার হাসাননগর এলাকায় নিজ বাড়ির সিঁড়িঘর থেকে গৃহবধূ জরিনা বেগমের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।জরিনা বেগম তাঁর দুই শিশুসন্তান নিয়ে হাসাননগর বাগানবাড়ির নিজ বাড়িতে থাকতেন। তাঁর স্বামী মোহাম্মদ আলী কুয়েত-প্রবাসী। পুলিশ জানায়, সোমবার রাতে ঘাতকেরা বাসায় ঢুকে জরিনার দুই সন্তানকে অজ্ঞান করে। এরপর জরিনাকে খুন করে লাশ সিঁড়িঘরে ফেলে যায়। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসিরউল্লাহ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় শহীদ নামের এক ব্যক্তির সঙ্গে জরিনার সম্পর্ক ছিল। কুয়েত থেকে পাঠানো সব টাকা জরিনা শহীদকে দিয়ে দিতেন। জরিনার স্বামী মোহাম্মদ আলীর দেশে ফেরার সময় ঘনিয়ে আসায় এই টাকা নিয়ে জরিনার সঙ্গে শহীদের বিরোধ সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে শহীদ জরিনাকে খুন করে পালিয়ে গেছেন। জরিনার স্বজনদেরও সন্দেহ, শহীদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ওসি জানান, সন্দেহভাজন শহীদের ছেলে ইব্রাহিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অজ্ঞান পার্টির কবলে মৃত্যু: গত সোমবার মধ্যরাতে মতিঝিল থানার আরামবাগ বালুর মাঠে অজ্ঞান পার্টির কবলে পড়ে মতিউর রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই দিন রাত সাড়ে ১১টায় তাঁকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মতিউর ঘটনাস্থলের পেছনে থাকতেন। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আক্তার মতিউরের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন। অজ্ঞান পার্টির সদস্যরা বিষ খাইয়ে মতিউরকে হত্যা করেছে। তাঁর বাবার নাম নিজাম মিয়া। গ্রামের বাড়ি মানিকগঞ্জে।