রাজধানীতে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি শুরু
রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদ উপলক্ষে বিশেষ জামাতের আয়োজন করা হবে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের (ডিসিসি) প্রতি ওয়ার্ডে চারটি করে ঈদের জামাতের ব্যবস্থা করা হবে বলে ডিসিসি সূত্র জানিয়েছে।আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। জাতীয় ঈদগাহে এক ঘণ্টা পর পর মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আগের বছরের ধারাবাহিকতায় পর্দা দিয়ে মহিলাদেরও নামাজের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া মুসল্লিদের সুবিধার্থে এখানে ওজুর পানি সরবরাহ এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হবে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে পুরো প্যান্ডেলে পানিরোধক ত্রিপল দিয়ে ঢেকে রাখারও প্রস্ততি থাকবে। প্রশাসক জিল্লার রহমান প্রথম আলোকে বলেন, ঈদগাহ ময়দানে ঈদের জামাতের প্রস্তুতির পাশাপাশি মাঠ উন্নয়নের কাজও চলছে।প্রধান প্রধান ঈদের জামাত: জাতীয় ঈদগাহ ছাড়াও অন্য প্রধান যেসব মসজিদ ও ময়দানে ঈদের জামাত হবে সেগুলো হচ্ছে: মতিঝিল কলোনির বায়তুল মা’মুর জামে মসজিদ, টিকাটুলী জামে মসজিদ, আজিমপুর দায়েমীয়া শাহী জামে মসজিদ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদ, পল্লীমা সংসদ, দক্ষিণ বনশ্রী জামে মসজিদ, তেজগাঁও কমিউনিটি সেন্টার জামে মসজিদ, মিরপুর মদিনা মসজিদ, মিরপুর ২ নং জাতীয় আউটার স্টেডিয়াম, মিরপুর ডি ব্লক ঈদগাহ মাঠ, মিরপুর-১ নম্বরে মসজিদুল আকবার কমপ্লেক্স, মিরপুর নুরানী জামে মসজিদ, লালমাটিয়া মসজিদ-এ-বায়তুল হারাম, মোহাম্মদপুর পিসি কালচার হাউজিং সোসাইটি মসজিদ, লালবাগ শাহী মসজিদ, মসজিদ-ই-বায়তুল ফেরদাউস, আল্লাহ করিম মসজিদ, পূর্ব নয়াটোলা জামে মসজিদ, সোবহানবাগ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, দনিয়া বড় জামে মসজিদ, এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদ, বাড্ডা বেরাইদ পুরাতন ঈদগাহ ময়দান, বাড্ডা বেরাইদ নতুন ঈদগাহ ময়দান, গ্রিন রোড জামে মসজিদ, পলাশী সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ভবনের সামনের মাঠ, এস ও এস শিশু পল্লী জামে মসজিদ, পল্লবী সিটি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি মাঠ, শুক্রাবাদ জামে মসজিদ, উত্তরায় ইসলামিক এডুকেশন সোসাইটি মসজিদ, উত্তরা ১১ নম্বর সেক্টরের বাইলজুরী উত্তরপাড়া জামে মসজিদ, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঈদগাহ মাঠ, কল্যাণপুর হাউজিং এস্টেট মাঠ, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব ময়দান, উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, লালবাগ ভাট মসজিদ, আজিমপুর জামে মসজিদ, উত্তর কাফরুল ঝিলপাড় জামে মসজিদ, শাহজাহানপুর গাউছুল আজম জামে মসজিদ প্রভৃতি।সরকারি কর্মসূচি: ঈদুল ফিতরে সরকারি কর্মসূচি নির্ধারণের জন্য গত বুধবার আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়, ঈদ উপলক্ষে রাজধানী ঢাকার প্রধান প্রধান সড়ক এবং সড়কদ্বীপ সজ্জিত হবে। জাতীয় পতাকায় ‘ঈদ মোবারক’ (বাংলা ও আরবিতে) খচিত ব্যানার ঈদের দিবাগত রাতে নির্দিষ্ট সরকারি ভবনগুলোতে টানানো হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ঈদের দিন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু পরিবারে ঈদের দিন উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা থাকবে।ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকিটে ঢাকা সিটি করপোরেশনের অধীন সব শিশুপার্ক এবং ঢাকা জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হবে। শিশু একাডেমী শিশুদের জন্য ঈদ পুনর্মিলনীর আয়োজন করবে।