রাজধানীতে উৎসবমুখর নববর্ষ বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল রাতে উৎসবমুখর পরিবেশে বরণ করা হয় খ্রিষ্টীয় নববর্ষ। ঘড়িতে ১২টা বাজার সঙ্গে সঙ্গে হোটেল, ক্লাবসহ নগরের বিভিন্ন স্থানে বয়ে যায় আনন্দের উচ্ছ্বাস। রাস্তায় নেমে উল্লাসে মেতে ওঠে অনেক তরুণ-তরুণী।অনেকে ঘরের ভেতরে থেকে ও বাড়ির ছাদে উঠে উল্লাস প্রকাশ করেন। নগরের অনেক স্থানে আতশবাজি ফুটিয়ে আশপাশের লোকজনকে নতুন বর্ষের শুভেচ্ছা জানানো হয়। রাত আটটার পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে অতিরিক্ত চৌকি বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব ও পুলিশ। কেউ যাতে নেশা করে অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, এ জন্য বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে পর্যাপ্ত পুলিশ ও র‌্যাবের দুই হাজার সদস্য মোতায়েন ছিলেন। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নেন হোটেল ও ক্লাবগুলোতে।গতকাল সন্ধ্যা সাতটা থেকে আজ ভোর পাঁচটা পর্যন্ত কয়েকটি এলাকার প্রবেশপথ ছিল নিয়ন্ত্রিত। চলাচলের জন্য পুলিশের নির্দেশিত কয়েকটি রাস্তা ব্যবহার করতে হয়েছে নগরবাসীকে। সন্ধ্যা সাতটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় কয়েকটি পথ বন্ধ করে দেওয়ায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব এলাকায় র‌্যাব ও পুলিশের সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাঁরা বিভিন্ন স্থানে শনাক্ত করা যন্ত্র (ডিটেক্টর) দিয়ে পথচারী ও গাড়ি তল্লাশি করেন।পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় মদ ও পানীয় শনাক্ত করতে যন্ত্র ব্যবহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারায় রাত নয়টার পর চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। সন্ধ্যা ছয়টার পর থেকে পানশালা বন্ধ করে দেওয়া হয়।