ঢাকায় একই পরিবারের আটজন দগ্ধ
ঢাকার ডেমরার কোনাপাড়া এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নারী, শিশুসহ একই পরিবারের আটজন দগ্ধ হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে আল আমিন রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। পরিবার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
দগ্ধ ব্যক্তিরা হলেন আলমগীর (৪৮), তাঁর স্ত্রী ফেরদৌসী (৩৫), ছেলে রিমন (১৬), শিপন (১০), তাসিন (২), আলমগীরের ভাতিজি রত্না (১৮), তাঁর স্বামী তোফায়েল (২২) ও তাঁদের আত্মীয় আরিফ (৩০)।
দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে আজ সোমবার ভোররাত সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
দগ্ধ আলমগীরের ভাই মো. জয়নাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, ওই বাড়িতে গ্যাসের লাইনে লিকেজ ছিল। বাড়িওয়ালাকে আলমগীর ও তাঁর পরিবার কয়েকবার বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু সেটি ঠিক করা হয়নি। গতকাল দিবাগত রাত তিনটার দিকে আগুন লাগে। প্রতিবেশীরা ফোন করে জয়নালকে জানান। অগ্নিকাণ্ডের পর বাড়ির রান্নাঘরের দেয়াল ভেঙে গেছে বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ আটজন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।