রাজধানীতে একজন খুন শিশুসহ দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আমির শিকদার (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। একই থানাধীন মাতুয়াইল পশ্চিমপাড়া থেকে অজ্ঞাতপরিচয় একটি শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পশ্চিম ধানমন্ডি থেকে মো. শামীম নামের এক নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করেছে হাজারীবাগ থানার পুলিশ।জানা গেছে, সন্ত্রাসীদের হাতে নিহত আমির র্যাব-পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আবুল কাশেম জানান, স্থানীয় কয়েকজনের কাছে টাকা পেতেন আমির। গতকাল দুপুরে তাঁরা টাকা দেওয়ার কথা বলে আমিরকে উত্তর যাত্রাবাড়ীর সুতিখালপাড় মাঠে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ কথা বলার পর তাঁরা পাশের একটি সেলুনে গিয়ে বসেন। সেখানে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে বেলা আড়াইটার দিকে সন্ত্রাসীরা আমিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে আমিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ওসি জানান, ইতিমধ্যে জুয়েল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আমির রাজধানীর শনির আখড়া এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বরিশালে। আমির একসময় পুলিশ ও র্যাবের সোর্স ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে যাত্রাবাড়ী থানার পুলিশ জানিয়েছে, তাদের সঙ্গে আমিরের কোনো যোগাযোগ ছিল না।শিশুর লাশ উদ্ধার: পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল পশ্চিমপাড়া এলাকার সুলতানা কামাল ক্লাবের সামনের সেতুর নিচ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, মাতুয়াইল এলাকার একটি নর্দমা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরনে কালো টি-শার্ট ও কালো হাফ প্যান্ট রয়েছে।নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হাজারীবাগ থানার পুলিশ ২৮৯-২৯০ পশ্চিম ধানমন্ডির নাভানা গ্রুপের নির্মাণাধীন একটি ভবনের সিঁড়ির নিচ থেকে শামীম নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মৃত শামীমের চাচাতো ভাই ওই ভবনে কর্মরত শ্রমিক আবদুর রহিম জানান, ১২ ফেব্রুয়ারি শামীম রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ নেন। গতকাল সকালে কাজের বুয়া মিনারা বেগম সিঁড়ির গোড়ায় শামীমের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তাঁর ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে। শামীমের বাবার নাম মোহাম্মদ আলী। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বড়াইপাড়া গ্রামে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, শামীম ভবনের দোতলার সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন।