রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুন
রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে আজ রোববার ভোরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে কর্তব্যরত এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। তাঁর নাম এনামুল (১৯)। তিনি এলিট ফোর্সের নিয়োগপ্রাপ্ত নিরাপত্তাকর্মী ছিলেন।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন প্রথম আলো ডটকমকে জানান, ওই বুথে এরশাদ ও এনামুল নামের দুজন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত তিনটা পর্যন্ত এনামুল বুথের ভেতরে ও এরশাদ বাইরে দায়িত্ব পালন করেন। এরপর তাঁরা দায়িত্ব পরিবর্তন করেন। এ সময় এরশাদ বুথের চাবিটি এনামুলকে বুঝিয়ে দেন। এনামুল বুথে তালা দিয়ে বাইরে দায়িত্ব পালন করেন আর এরশাদ ভেতরে। ভোর সাড়ে চারটার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার ওপর পড়ে থাকা এনামুলের লাশ উদ্ধার করে। এনামুলের মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে।
বুথের চাবি এনামুলের কাছে থাকায় এরশাদও ভেতরে আটকা পড়েন। পরে পুলিশ এনামুলের পকেট থেকে চাবি নিয়ে বুথ খুলে এরশাদকে বের করে।
আবদুল মতিন আরও জানান, বুথে ডাকাতি বা টাকা লুটের চেষ্টার কোনো আলামত পাওয়া যায়নি। ব্যক্তিগত দ্বন্দ্ব বা অন্য কারণে এনামুলকে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।