রাজধানীতে এবার যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীতে প্রকাশ্য দিবালোকে আবারও খুনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে পল্লবীতে শাহ আলী ওরফে রকি (৩০) নামের যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পরিবারের সদস্যরা জানান, শাহ আলী পল্লবীর ৯২ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইউনিট যুবলীগের সভাপতি। তিনি পোশাক কারখানার ঝুটের ব্যবসায় জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আলী গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নাশতা করার জন্য পল্লবীর ৭ নম্বর সেকশনের ৫ নম্বর সড়কের বাসা থেকে বের হয়ে একটি খাবারের হোটেলে যাচ্ছিলেন। বাসা থেকে কয়েক গজ দূরে ৪ নম্বর সড়কের গলিতে আসামাত্র এক যুবক পেছন থেকে তাঁকে ঘুষি মারে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আরও কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে থাকে। তিনি নিস্তেজ হয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা রক্তমাখা চারটি চাপাতি ওই গলির বিভিন্ন স্থানে ফেলে যায়। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি শাহ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গলির দুই পাশের শতাধিক দোকানপাট খোলা ছিল। ছিল মানুষের সমাগম। এর মধ্যেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটালেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে ছোপ ছোপ রক্ত পড়ে আছে। স্থানটিকে দুটি কাঠের খাট দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের কর্মকর্তা ছাড়াও স্থানীয় লোকজনের ভিড়। তবে গলির সব কটি দোকানপাট ছিল বন্ধ। ঘটনার পর ভয়ে সবাই তা বন্ধ করেছেন বলে স্থানীয় লোকজন জানান। নিহত ব্যক্তির বাসায় গিয়ে দেখা যায়, সেখানে চলছে মাতম। একই এলাকার ৪ নম্বর সড়কে শাহ আলীর শ্বশুরের বাসায় স্বামীকে হারিয়ে প্রায় অচেতন স্ত্রী সুমাইয়া আক্তার। তাঁর পাশেই নিজের মতো করেই খেলছিল দুই বছরের শিশুসন্তান আদনান রহমান।
শাহ আলীর বাবা পল্লবী থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান। বাবা ও মা মণি বেগম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন দুর্বৃত্ত এ ঘটনায় জড়িত। তাঁরা বলেন, সপ্তাহ খানেক আগে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতা মাতাল অবস্থায় শাহ আলীর শ্বশুর মো. দুলালের ওপর হামলা করেন। এরপর শাহ আলীর বন্ধুরা হামলাকারীর বড় ভাইকে মারধর করেন। এ ঘটনায় দুলাল পল্লবী থানায় মামলাও করেন। ওই ঘটনার জের ধরেই তাঁকে খুন করা হয়েছে বলে তাঁরা মনে করছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান মতিউর রহমান।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব, ঝুট ব্যবসাসংক্রান্ত শত্রুতা ও ব্যক্তিগত ঝামেলা—এই তিন বিষয়কে সামনে রেখেই পুলিশ তদন্ত করছে। তিনি বলেন, গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।