রাজধানীতে কংক্রিটের চাঁইয়ে চাপা পড়ে শ্রমিক নিহত
নির্মাণাধীন একটি ভবনের পেছনের দেয়ালে আস্তর (প্লাস্টার) দিচ্ছিলেন শ্রমিকেরা। হঠাৎ করেই দেয়ালের ওপরের অংশ থেকে খুলে পড়ে কংক্রিটের এক বিশাল চাঁই। তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন নির্মাণশ্রমিক মো. দুলাল (২০)। গতকাল রোববার বিকেলে রাজধানীর কাঁটাবন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনিরুল নামের আরও একজন শ্রমিক আহত হন। দুই শ্রমিকেরই বাড়ি নওগাঁর সান্তাহারে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনের পেছনের দেয়ালটির ওপর আস্তর দিচ্ছিলেন দুলাল, মনিরুল, জাহিদার ও অন্য শ্রমিকেরা। পাশেই মজিবর নামের এক শ্রমিক দেয়ালের ওপরে ঢালাইয়ের খুঁটি-বাঁশ খুলছিলেন। এ সময় হঠাৎ দেয়ালটি নড়তে থাকে। শ্রমিক জাহিদার দেখামাত্রই চিৎকার করে লাফ দিয়ে সরে পড়েন। চিৎকার শুনে মনিরুলও সরে যান। কিন্তু বসে বসে নিচের দিকে আস্তর দিচ্ছিলেন দুলাল। তিনি সরতে না পারায় কংক্রিটের চাঁইয়ের নিচে চাপা পড়েন। তাঁর নাক-মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আতাউর জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আহত মনিরুল সুস্থ হয়ে উঠছেন।