রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আটক ৮
ইসলামপুর: সকাল সাড়ে আটটার দিকে পুরান ঢাকার ইসলামপুরে পুলিশের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয় বলে দাবি করেছে শিবির। এ সময় ঘটনাস্থল থেকে শিবিরের দুজন কর্মীকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
রামপুরা: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের পেছনের একটি গলিতে সকাল সাতটার দিকে জামায়াতের ১০-১২ জন কর্মী ব্যানার নিয়ে মিছিল বের করেন। তাঁরা গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। এ সময় পুলিশ বাধা দেয়। তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণে ঘটান। ঘটনাস্থল থেকে জামায়াতের চার কর্মীকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা।
ভাসানটেক: সকাল সাড়ে আটটার দিকে ভাসানটেক এলাকায় বিএনপির নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। একপর্যায়ে শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কাফরুল থানার টহল পরিদর্শক আবুল হোসেন এ তথ্য জানিয়েছেন।
গাবতলী: সকাল সাড়ে সাতটার দিকে গাবতলী বাস টার্মিনালের আন্ডারপাসসংলগ্ন উল্টো দিকের গলিতে অবরোধের সমর্থনে কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে সাদা পোশাকে অভিযান চালিয়ে ককটেলসহ একজনকে আটক করে দারুস সালাম থানার পুলিশ। দারুস সালাম থানার টহল পরিদর্শক মো. গোলাম মর্তুজা এ তথ্য জানিয়েছেন।
আজিমপুর: সকাল সাড়ে আটটার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডের কাছে চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন।
আজ ভোর ছয়টা থেকে শুরু হওয়া ১৮-দলীয় জোটের ডাকা তৃতীয় দফার এই অবরোধ শেষ হবে আগামী মঙ্গলবার ভোর ছয়টায়। দাবি মানা না হলে অবরোধের মেয়াদ আরও বাড়তে পারে বলে বিএনপির দায়িত্বশীল একজন নেতা জানিয়েছেন।
ঘোষিত নির্বাচনী তফসিল স্থগিত করা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি দিয়েছে বিরোধী জোট। একই দাবিতে এর আগে গত ২৬ নভেম্বর থেকে দুই দফায় মোট নয় দিন অবরোধ কর্মসূচি পালন করেছে জোট।