রাজধানীতে ককটেলের আঘাতে ২ পুলিশ কর্মকর্তা আহত
রাজধানীতে আজ মঙ্গলবার সকালে হরতাল-সমর্থকদের ছোড়া ককটেলের বিস্ফোরণে দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের একজন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম ও মিরপুর শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, আজ সকাল পৌনে আটটার দিকে পশ্চিম ধানমন্ডির ১৯ নম্বর সড়কে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ হরতালকারীদের ধাওয়া করলে তাদের ছোড়া ককটেলের বিস্ফোরণে হাজারীবাগ থানার ওসি মইনুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রমনা বিভাগীয় পুলিশের উপকমিশনার (ডিসি) মারুফ হাসান জানান, মইনুল ইসলাম এখন আশঙ্কামুক্ত। তাঁর ডান পায়ের হাঁটুর ওপরের অংশ পুড়ে গেছে।
অন্যদিকে সকাল আটটার দিকে মিরপুর ১ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলকারীরা কয়েকটি যাত্রীবাসে ভাঙচুর শুরু করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। ককটেলের বিস্ফোরণে এসআই সাইফুল ইসলাম আহত হন।
মিরপুর বিভাগীয় পুলিশের ডিসি ইমতিয়াজ আহমেদ জানান, সাইফুল ইসলামের ডান হাতে আঘাত লেগেছে, প্রাথমিক চিকিত্সা শেষে তিনি বাড়ি ফিরে যান।
তেজগাঁও বিভাগীয় পুলিশের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, আজ সকাল সাড়ে সাতটায় পল্লবী থেকে ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। ভোর সোয়া ছয়টার দিকে তেজগাঁও কলেজের সামনে থেকে ককটেলসহ জুয়েল নামের একজনকে এবং সকাল সাতটার দিকে পান্থপথে ককটেল ও পেট্রলবোমাসহ আলমগীর নামের একজনকে আটক করেছে শেরেবাংলা নগর থানার পুলিশ।
হরতাল-সমর্থকদের দেওয়া আগুনে তেজগাঁও কুতুববাগ দরবার শরিফের সামনে একটি বাস পুড়ে গেছে।