রাজধানীতে ককটেলের আঘাতে ২ পুলিশ কর্মকর্তা আহত
১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিনে আজ মঙ্গলবার রাজধানীতে বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ধানমন্ডি ও মিরপুরে হরতাল-সমর্থকদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশের দুজন কর্মকর্তা আহত হয়েছেন। মহাখালীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যালয়ের পাশ থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
পুলিশের দুই কর্মকর্তা আহত: আজ সকাল পৌনে আটটার দিকে পশ্চিম ধানমন্ডির ১৯ নম্বর সড়কে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ হরতালকারীদের ধাওয়া করলে তাদের ছোড়া ককটেলের বিস্ফোরণে হাজারীবাগ থানার ওসি মইনুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রমনা বিভাগীয় পুলিশের উপকমিশনার (ডিসি) মারুফ হাসান জানান, মইনুল ইসলাম এখন আশঙ্কামুক্ত। তাঁর ডান পায়ের হাঁটুর ওপরের অংশ পুড়ে গেছে।
অন্যদিকে সকাল আটটার দিকে মিরপুর ১ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলকারীরা কয়েকটি যাত্রীবাসে ভাঙচুর শুরু করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। ককটেলের বিস্ফোরণে শাহ আলী থানার এসআই সাইফুল ইসলাম আহত হন।
মিরপুর বিভাগীয় পুলিশের ডিসি ইমতিয়াজ আহমেদ জানান, সাইফুল ইসলামের ডান হাতে আঘাত লেগেছে, প্রাথমিক চিকিত্সা শেষে তিনি বাড়ি ফিরে যান।
তেজগাঁও: তেজগাঁও বিভাগীয় পুলিশের ডিসি বিপ্লব কুমার সরকার জানান, আজ সকাল সাড়ে সাতটায় পল্লবী থেকে ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ভোর সোয়া ছয়টার দিকে তেজগাঁও কলেজের সামনে থেকে ককটেলসহ জুয়েল নামের একজনকে এবং সকাল সাতটার দিকে পান্থপথে ককটেল ও পেট্রলবোমাসহ আলমগীর নামের আরেকজনকে আটক করেছে শেরেবাংলা নগর থানার পুলিশ।
হরতাল-সমর্থকদের দেওয়া আগুনে তেজগাঁও কুতুববাগ দরবার শরিফের সামনে একটি বাস পুড়ে গেছে বলে জানান তিনি।
মহাখালী: রাজধানীর মহাখালী এলাকায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যালয়ের পাশ থেকে আজ মঙ্গলবার চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবিরের নির্মাণাধীন বাসভবনের সামনে থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
বনানী থানার উপপরিদর্শক মোর্শেদ আলম প্রথম আলো ডটকমকে জানান, নির্মূল কমিটির কার্যালয়ের পাশের নির্মাণাধীন এই ভবনের সামনে ককটেল চারটি পড়েছিল। তবে ভবনের কর্মরত শ্রমিকেরা এ ব্যাপারে কিছু জানাতে পারেননি। গোপন সূত্রে খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ককটেল চারটি নিষ্ক্রিয় করবে।
এ ব্যাপারে নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল জানান, এ ঘটনার সময় নির্মূল কার্যালয়ে একটি বৈঠক চলছিল। সেখানে সংগঠনটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবিরসহ ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
গুলিতে টিভি ক্যামেরাম্যান আহত: সকালে পুরান ঢাকার বংশালে পুলিশের গুলিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন মাসুদুর রহমান আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে নাজিরা বাজার চৌরাস্তার মোড়ে যুবদলের একটি মিছিল বের হয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসন মিছিলের ছবি তুলতে যান। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। এ সময় মাসুদুর রহমানের গায়ে গুলি লাগে। এ ছাড়া ঘটনাস্থলে মো. দুলাল, জাহাঙ্গীর হোসেন ও জামাল হোসেন নামের তিনজন পথচারী আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সবুজবাগ: রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তিনটি ককটেলসহ মো. সুজন, মো. ইমন ও মো. পারভেজ নামের তিন যুবককে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে তাঁদের আটক করে র্যাব-৩-এর একটি দল।
র্যাব-৩-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, র্যাব-৩-এর কমান্ডার মেজর আলী আহসানের নেতৃত্বে র্যাবের একটি দল আজ ভোররাতে সবুজবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হরতালে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে ধারণা করছে র্যাব। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
সেগুনবাগিচা: সকাল আটটার দিকে সেগুনবাগিচা এলাকায় একটি মিছিল বের করে হরতাল-সমর্থকেরা। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া দেয়। পুলিশ সেখান থেকে দুই যুবককে আটক করে।
প্রেসক্লাব: বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে সেখানে উপস্থিত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ছাড়া বেলা দেড়টার দিকে পল্টন মোড়ে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে খোরশেদ নামের ব্র্যাক ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী আহত হন।
মতিঝিল: হরতালের শেষ দিনে রাজধানীর মতিঝিল এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চলছে।
মতিঝিল থানার পুলিশের ভ্রাম্যমাণ পরিদর্শক (পিআই) শেখ আবুল বাশার প্রথম আলো ডটকমকে বলেন, সকাল থেকে মতিঝিল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গত দুই দিনের তুলনায় আজ রাজধানীর সড়কগুলোতে যাত্রী পরিবহনের সংখ্যা বেড়েছে। সড়কগুলোতে যাত্রীবাহী বাসের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, ইজিবাইক ও রিকশা চলাচল করতে দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
অন্যদিকে হরতাল চলাকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোর ছয়টা থেকে ঢাকা শহরের ১৬টি জায়গায় মিছিল, অবরোধ ও পিকেটিং করেছে বলে জানা গেছে।
পুরান ঢাকায় ছাত্রদল-শিবিরের পাঁচ কর্মী আটক
পুরান ঢাকার বাবুবাজার এলাকা থেকে আজ মঙ্গবার দুপুর একটার দিকে বিক্ষোভ মিছিল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এর আগে সকাল ১০টার দিকে সূত্রাপুর থানার সামনে শিবিরকর্মীরা ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে দুই শিবির কর্মীকে আটক করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, হরতাল সমর্থকরা ভাঙচুর করায় তাদের আটক করা হয়েছে।