রাজধানীতে কড়া নিরাপত্তায় নিরুত্তাপ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা দুই দিনের হরতালের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার নিরুত্তাপভাবে পালিত হচ্ছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে আজ রাজধানীতে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।হরতালে সকাল থেকে এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মিরপুরের মাজার রোডসহ কয়েকটি এলাকায় ১৮ দলের নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা চালালে পুলিশ ধাওয়া করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।রাজধানীতে সকাল থেকে গণপরিবহন চলছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুব কম। সড়কগুলোতে বিপুলসংখ্যক রিকশা চলতে দেখা গেছে। রাস্তায় অফিসগামী মানুষের ভিড় রয়েছে। গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে গতকালের মতো আজও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর সড়কগুলোতে র্যাব ও পুলিশের সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।

মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ জানান, আজ কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে তাঁর মিরপুরের বাড়ি কালশী এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের বিভিন্ন সূত্র জানিয়েছে, রায়ের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হতে পারে। নাশকতার আশঙ্কা রয়েছে। সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।