রাজধানীতে কালবৈশাখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের খরতাপ দেখে কে ভেবেছিল বিকেল গড়াতেই এমন বৃষ্টি নামবে। তাও রীতিমতো কালবৈশাখীসহ বৃষ্টি ও বজ্রপাত গতকাল হানা দিয়েছিল রাজধানীর বুকে। বিকেল পাঁচটা থেকে আকাশ কালো করে মেঘ দিয়েই বৃষ্টি আসার আগমনের জানান দিয়েছিল প্রকৃতি। ছয়টার দিকে বৃষ্টি, বজ্রপাত আর ঝোড়ো হাওয়া একযোগে তাণ্ডব চালায় রাজধানীজুড়ে।

কালবৈশাখীর আঘাতে রাজধানীর বিভিন্ন এলাকার গাছপালা ভেঙে পড়ে। অনেক স্থানে সাইনবোর্ড এবং বিলবোর্ড ভেঙে পড়ে। অল্প সময়ে বেশি বৃষ্টি হওয়ায় পুরান ঢাকা, মিরপুরের কাজীপাড়া-শেওড়াপাড়াসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যেই ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে বাতাস ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বয়ে যায়। এই বৃষ্টি ও  ​েঝাড়ো হাওয়াকে মাঝারি শক্তির কালবৈশাখী হিসেবে চিহ্নিত করে আবহাওয়াবিদেরা বলছেন, আকাশে বজ্রমেঘ থাকায় গতকাল রাজধানীর অনেক এলাকাতেই বজ্রপাত
হয়েছে।

 আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, মে মাসের বাকি সময় দেশজুড়ে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। আর বাকি সময় গরমের তীব্রতা অব্যাহত থাকবে। জুনের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগর দিয়ে মৌসুমি বায়ু আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, বৃষ্টিপাত নিয়মিত শুরু হলে তাপমাত্রা কমে আসবে।

আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও ইশ্বরদীতে ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সৈয়দপুর ও রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। গতকাল দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফরিদপুরে ২৫ মিলিমিটার।