রাজধানীতে কৃষিশ্রমিকদের মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত মহাসমাবেশে এসে দেশের ৩১টি জেলার পাঁচ হাজারের বেশি কৃষিশ্রমিক পেশার স্বীকৃতি চাওয়ার পাশাপাশি পরিচয়পত্র ও কৃষিশ্রম আইন প্রণয়নের দাবি জানালেন। সমাবেশে উপস্থিত সরকারি প্রতিনিধিরা ওই দাবি মেনে নেওয়ার অঙ্গীকারও করলেন।গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষিশ্রমিকদের মহাসমাবেশটি অনুষ্ঠিত হয়। কৃষিশ্রম আইন, কাজ, মজুরি, পরিচয়পত্র ও মর্যাদার দাবিতে ‘কৃষিশ্রমিক অধিকার মঞ্চ’ এ সমাবেশের আয়োজন করে।মহাসমাবেশের প্রধান অতিথি শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ সরকারের আমলেই কৃষিশ্রমিকের স্বীকৃতি দেওয়া হবে। তিনি বলেন, সরকার শ্রমিকবান্ধব। ২০০৬ সালের শ্রম আইন সংশোধন করা হচ্ছে। তাতে শ্রমিকের সংজ্ঞায় কৃষিশ্রমিককে অন্তর্ভুক্ত করে হয়েছে।কৃষিশ্রমিক অধিকার মঞ্চের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, দেশে কৃষিশ্রমিকের মতো কিছু গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না। কৃষি ও কৃষিশ্রমিকের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না।সাংসদ রাশেদ খান মেনন বলেন, গত শতকের আশির দশকে ক্ষেতশ্রমিকদের মজুরি আইন করা হয়। দুই দশক পরও তার বাস্তবায়ন নেই। শ্রমিকদের অধিকারের কথা বললে সরকারের অর্থ থাকে না। সাংসদ হাসানুল হক ইনু বলেন, গরিব মানুষের অসুখ হচ্ছে ক্ষুধা, আর এই ক্ষুধা নিবারণে ন্যায্য মজুরি প্রয়োজন। কৃষিশ্রমিকেরা দেশের মানুষের পেট ভরান, অথচ তাঁদের পেটে ভাত থাকে না।শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে সাংসদ ইসরাফিল আলম, শাহ জিকরুল আহমেদ, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার, স্কপের সমন্বয়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ আলোচনায় অংশ নেন। বাংলাদেশ ভূমিহীন সমিতির সভাপতি সুবল সরকার সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সমাবেশে দাবিনামা পড়ে শোনান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমদ।মহাসমাবেশ থেকে কৃষিশ্রমিকদের আইনি স্বীকৃতি, ট্রেড ইউনিয়ন করার অধিকার, ন্যূনতম মজুরির বিধান রেখে স্বতন্ত্র কৃষিশ্রমিক আইন প্রণয়ন, নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া, মজুরি বৈষম্য দূর করা, সারা বছরের কাজের নিশ্চয়তা, কর্মহীন সময়ের জন্য ন্যূনতম ১০০ দিনের কাজের নিশ্চয়তাসহ ১৩ দফা দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।