রাজধানীতে খাসজমি দখলের চেষ্টা করায় একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি জমি জবরদখল করার অপরাধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, গতকাল জনৈক লাল মিয়া ও তাঁর ছেলে শাওন বেশ কিছু লোক নিয়ে কাঁটাবন ঢালে সরকারি জমিতে বাড়ি তৈরির কাজ শুরু করেন। খবর পেয়ে একজন ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে যান। জমি দখলে বাধা দেওয়ায় দখলকারীরা ওই কর্মকর্তাকে হুমকি দেয়। বিষয়টি ঢাকা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিউমার্কেট থানা পুলিশকে জানানো হলে কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং পুলিশ লাল মিয়া ও শাওনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত এসে সরকারি জমি জবরদখল করার অপরাধে লাল মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, লাল মিয়ার ছেলে শাওন একজন শিক্ষার্থী হওয়ায় তাকে সতর্ক করা হয়েছে। কাঁটাবন ঢালে ১৬ শতাংশ সরকারি জমি রয়েছে। ওই জমিতে ভূমি অফিস নির্মাণ করার কথা রয়েছে। ক্যাডেস্ট্রাল সার্ভে (সিএস), স্টেট অ্যাকুইজিশন (এসএ) ও রিভাইস সার্ভে (আরএস) সব রেকর্ড মতেই ওই জমি সরকারের।