রাজধানীতে গুলি করে প্রকৌশলীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগানে গত সোমবার গভীর রাতে বস্ত্র প্রকৌশলী সাদবীন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণাও এমন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা সাদবীন সাভারের একটি পোশাক কারখানায় বস্ত্র প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবারের সঙ্গে গ্রিন রোডে থাকতেন। তাঁর বাবা কাজী শওকত হোসেন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
পরিবারের সদস্যরা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাদবীন মোটরসাইকেলে করে ধানমন্ডি এলাকায় খালু শহীদুল আলম খানের বাসায় যান। সেখান থেকে রাত পৌনে একটার দিকে তিনি বাসায় ফেরার পথে ল্যাবএইড হাসপাতালের পেছনে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল রেখে দাঁড়ান। এ সময় একটি প্রাইভেট কারে আসা কয়েকজন যুবক তাঁকে গুলি করে পালিয়ে যান। সাদবীনের বুকের বাঁদিকে গুলি বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাদবীন হত্যার ঘটনায় তাঁর খালু শহীদুল আলম কলাবাগান থানায় জাহাঙ্গীর নাজিমকে আসামি করে মামলা করেন। এজাহারে বলা হয়, বেইলি রোডের বাসিন্দা জাহাঙ্গীর নাজিম দীর্ঘদিন ধরে শহীদুলের কাছে চাঁদা দাবি করছিলেন ও হত্যার হুমকি দিচ্ছিলেন। এসব ঘটনায় তিনি ২০১১ সাল থেকে জাহাঙ্গীরের বিরুদ্ধে ধানমন্ডি থানায় তিনটি মামলা করেন। সম্প্রতি একটি মামলায় জামিন পাওয়ার পর আবার আগের মতো আচরণ শুরু করেন জাহাঙ্গীর। সোমবার রাত সোয়া ১২টার দিকে সিলভার রঙের গাড়িযোগে তিন-চারজন সন্ত্রাসী নিয়ে জাহাঙ্গীর তাঁর (শহীদুল) বাসার সামনে এসে চিৎকার-চেঁচামেচি করে মামলা তুলে নিতে চাপ দেন। না হলে তাঁকে ও তাঁর আত্মীয়স্বজনকে হত্যার হুমকি দেন। তিনি বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানান। পুলিশের গাড়ি দেখে জাহাঙ্গীর ও অন্যরা দ্রুত সটকে পড়েন। তিনি বিষয়টি স্বজনদের জানান। তখন সাদবীন তাঁর বাসায় গিয়ে ঘটনা শুনে আবার নিজ বাসায় রওনা দেন। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, সাদবীনকে গুলি করা যুবকেরা যে গাড়িতে এসেছিল, ওই গাড়িটিও ছিল সিলভার রঙের।
শহীদুল আলম প্রথম আলোকে বলেন, ওই প্রত্যক্ষদর্শী তাঁকে জানিয়েছেন, ওই যুবকেরা প্রথমে সাদবীনের কাছে মোটরসাইকেলের চাবি চেয়েছিল। তাতে রাজি না হলে সাদবীনকে গুলি করা হয়। তবে মোটরসাইকেলটি অক্ষত আছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বলেন, এজাহারে উল্লেখিত আসামি ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে সাদবীনের লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলায় নিয়ে যাওয়া হয়।