রাজধানীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির একটি বাসায় আরিফা আক্তার (১৮) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ১৫৭ নম্বর বাড়ির ৫/এ ফ্ল্যাট থেকে আরিফা আক্তারকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।আরিফা নাসিমুল হকের বাসায় গৃহকর্মী ছিলেন। নাসিমুল হক জানান, আরিফা বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মারা গেছেন। গতকাল ঘটনার সময় তাঁরা স্বামী-স্ত্রী দুজন কর্মস্থলে ছিলেন। হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, গৃহকর্তা ও গৃহকর্ত্রীর কথাবার্তা সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।