রাজধানীতে গৃহকর্মীসহ দুজনের মৃত্যু
রাজধানীতে গতকাল মঙ্গলবার এক গৃহকর্মীসহ দুজনের অপমৃত্যু হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, গতকাল বেলা তিনটার দিকে বড় মগবাজারের এক বাসা থেকে আলপনা আক্তার (১৫) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। মেঝেতে তার লাশ পড়ে ছিল।বাসার গৃহকর্তা নূরুল ইসলাম জানান, গতকাল বেলা ১১টার দিকে ভানু বেগম (৪০) নামের বাসার আরেক গৃহকর্মীর সঙ্গে আলপনার ঝগড়া হয়। এর জের ধরে বাথরুমে কাপড় রাখার লোহার স্ট্যান্ডের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। আলপনার বাড়ি গাইবান্ধা সদরে। এসআই জালাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে মালিবাগ রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ট্রেনে কাটা লাশ উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। নিহতের পরনে চেক লুঙ্গি ও লাল চেক শার্ট ছিল।