রাজধানীতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর ভাটারা এলাকায় মাহমুদা আক্তার (২১) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে জোয়ার সাহারার ক৯১/সি নম্বর বাড়ির পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) জহির রায়হান প্রথম আলোকে বলেন, এক বছর আগে ফেনীর দাগনভূঞা থানার লক্ষ্মণপুর গ্রামের মো. রুবেল বাবুর সঙ্গে মাহমুদা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর জোয়ার সাহারার বাসায় ভাড়া থাকতেন এই দম্পতি। রুবেল একটি টেক্সটাইল কোম্পানির ব্যবস্থাপক। গতকাল রাতে ফাঁসরত অবস্থা থেকে মাহমুদাকে উদ্ধার করে রুবেল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মাহমুদার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় রুবেল একটি অপমৃত্যুর মামলা করেছে।
তবে মাহমুদা আক্তারের পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি। মাহমুদার বড় ভাই নজরুল ইসলাম বলেন, ‘কী কারণে আমার বোন ফাঁস দিয়েছে, বলতে পারছি না। তবে আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পাই।’