রাজধানীতে গ্যাসের সংকট বাড়ছে অচিরেই সমাধান হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গত ২৬ নভেম্বর পর্যন্ত ১৭টি এলাকায় গ্যাসের তীব্র সংকট ছিল। এরপর ২০ ডিসেম্বর ১৯টি এবং ২৮ ডিসেম্বর পর্যন্ত ২১টি এলাকায় এই সংকট দেখা দেয়। তিতাসের হিসাবে এখন রাজধানীর ২৯টি এলাকায় গ্যাসের সংকট চলছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর ৪০টি এলাকায় দেখা দিয়েছে এই সংকট।সরেজমিনে খোঁজ নিয়ে এবং তিতাসের অভিযোগকেন্দ্র থেকে নগরে গ্যাসের তীব্র সংকটের এই তথ্য পাওয়া গেছে। তিতাস এই সংকটপ্রবণ এলাকার একটি তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। অবশ্য এই সংকটের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। কিন্তু শিগিগরই এ সমস্যার সমাধানে কোনো সম্ভাবনার আভাস পাওয়া যায়নি। তিতাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বর্তমানে প্রতিদিন ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। বর্তমানে ঢাকায় প্রতিদিন গ্যাসের চাহিদা রয়েছে প্রায় এক হাজার ৬৫০ মিলিয়ন ঘনফুট। এই চাহিদার বিপরীতে প্রায় এক হাজার ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এই ঘাটতির কারণেই সংকট আরও তীব্রতর হচ্ছে।এ ব্যাপারে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আজিজ খান প্রথম আলোকে বলেন, গ্যাসের উত্পাদন বাড়ানো না হলে এই ঘাটতির সমাধান অচিরেই সম্ভব নয়। আর ঘাটতির সমাধান না হলে সংকটেরও সহজ সমাধান করা সম্ভব হবে না। এখন যা আছে তাই সরবরাহ করা হবে। এতে নগরের অন্য এলাকায় সরবরাহ স্বাভাবিক থাকবে। ঘাটতি সমাধানের উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না—এ প্রশ্নে তিতাসের এমডি বলেন, উত্পাদন বাড়াতে হবে। এর জন্য পাইপ বসাতে হবে। এটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার।অপরদিকে নগরের অন্য এলাকায়ও স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে না। এমনকি প্রতিদিন নতুন নতুন এলাকা গ্যাসের সংকটের কবলে পড়ছে। তিতাসের অভিযোগকেন্দ্রেও অভিযোগের তালিকা ক্রমশই ভারী হয়ে উঠছে। আর ভুক্তভোগীদের যন্ত্রণাও তীব্র থেকে তীব্রতর হচ্ছে।সংকটপ্রবণ এলাকা: বর্তমানে তিতাসের তালিকাভুক্ত গ্যাসের সংকটপ্রবণ এলাকার মধ্যে রয়েছে নগরের ইব্রাহিমপুর, মানিকদী, খিলগাঁওয়ের চৌধুরীপাড়া, শাহজাহানপুর, বনশ্রী ব্লক-সি, পশ্চিম রামপুরা, তল্লাবাগ, ডিওএইচএস বারিধারা, কাওলা, শিমরাইল, মিরপুর-১০ ও ১১, শান্তিবাগ, ধানমন্ডির কয়েকটি এলাকা, উত্তরার ৯, ১০ ও ১২ নম্বর সেক্টর, ডেমরার দনিয়া, শ্যামপুরের জুরাইন, কোতোয়ালির নয়াবাজার, উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এবং সূত্রাপুরের কে এম দাস লেন।এ ছাড়া প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, তিতাসের তালিকাভুক্ত এলাকাসহ মালিবাগের কয়েকটি এলাকা, গুলবাগ, গোলাপবাগ, খিলগাঁওয়ের মুগদা ও মাণ্ডা, বনশ্রী, শহীদবাগ, মোহাম্মদপুরের নূরজাহান রোড ও বাঁশবাড়ী রোড, নারিন্দার মনির হোসেন লেন, লালবাগের রসুলবাগ, শেখ সাহেব বাজার, চৌধুরী বাজার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক ভবন, পলাশী, ঢাকেশ্বরী রোড, মিরপুরের মনিপুর, মিরপুর ১ নম্বরের শাহ্ আলীবাগের জনতা হাউজিং, হাজারীবাগ ও নারিন্দার দক্ষিণ মৈশুন্দি এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা গেছে।সংকটপ্রবণ এসব এলাকার মধ্যে কয়েকটি এলাকায় সকালেই গ্যাস চলে যায় আর সন্ধ্যার দিকে আসে। আর তীব্র সংকটপ্রবণ এলাকায় গভীর রাতে গ্যাস আসে এবং ভোররাতেই এই গ্যাস চলে যায়। সারা দিন গ্যাসের দেখা মেলে না। এর কারণে স্থানীয় লাখো মানুষের ভোগান্তিও চরমে পৌঁছায়।শান্তিবাগে মসজিদ রোডের ৬১/১-সি নম্বর পাঁচতলা ভবনের বাসিন্দা মাহমুদা রশিদ বলেন, ‘সারা দিন গ্যাস থাকে না। রাতে নিভু নিভু গ্যাস আসে। আমাদের তো সব মাসের বিল দেওয়া আছে। এখন গ্যাস নাই, তার পরও বিল দিচ্ছি। কিন্তু গ্যাস নেই কেন?’ মিরপুর শাহ্ আলীবাগের ৫৩ নম্বর জনতা হাউজিংয়ের ভুক্তভোগী গৃহবধূ সালমা আক্তার বলেন, ‘দুপুর ১২টার আগে আগেই চুলায় গ্যাস থাকে না। সন্তানকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরতেই বারোটা বেজে যায়। এরপর আর রান্না করা যায় না। স্কুল বন্ধ দিয়েই রান্নার কাজ সারতে হয় সকালে। এই ভোগান্তি কাকে বলব?’সংকটের কারণ: তিতাসের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা গ্যাসের সংকটের প্রধান চারটি কারণ চিহ্নিত করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম, পুরোনো এক ইঞ্চির চেয়ে ছোট সঞ্চালন লাইনের চাপ সামলাতে না পারা, অহেতুক গ্যাসের অপচয় ও শীতের সময় চাহিদা বেড়ে যাওয়া।তিতাসের প্রকৌশলীরা বলেছেন, এমনিতেই শীতের সময় গ্যাসের চাহিদা বাড়ে। জনগণের অসচেতনতার কারণেও গ্যাসের সংকট সৃষ্টি হচ্ছে। তিতাসের ব্যবস্থাপক বলেন, শীতের দিনে অনেকে দীর্ঘ সময় গিজার চালায়, ঘর গরম রাখতে অহেতুক গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে।