নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে গতকাল মঙ্গলবার নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন উপজেলার মহিষভাঙ্গা গ্রামের আশরাফুল ইসলাম ওরফে মিঠু (৩৫), বাদশা (৩৪) ও লুৎফর রহমান (৩৫)। এ নিয়ে মামলার ৭৫ জন আসামির মধ্যে মাত্র চার আসামিকে গ্রেপ্তার করল পুলিশ।নাটোরের পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজধানীর শেরেবাংলা নগর থেকে সানাউল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামি আশরাফুল, বাদশা ও লুৎফুরকে গ্রেপ্তার করে। পরে শেরেবাংলা নগর থানার পুলিশের সহায়তায় আসামিদের গতকাল ভোর চারটার দিকে নাটোর সদর থানায় আনা হয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের বড়াইগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।সানাউল্লাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও নাটোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, ‘আমরা কয়েক দিন ঢাকায় অবস্থান করার পর জানতে পারি, আসামিরা শেরেবাংলা নগরে এমপি হোস্টেলের আশপাশে রয়েছে। একপর্যায়ে তারা সংসদ ভবনের সামনের রাস্তায় এলে তিন আসামিকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।’স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামিরা যুবলীগের কর্মী। সানাউল্লাহর ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজে তাঁদের ছবি দেখা গেছে।৮ অক্টোবর বনপাড়া বাজারে প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী মহুয়া নূর প্রথমে ৪৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে তিনি আরও ২৮ জনকে আসামি করার আবেদন করেন। মামলা দায়েরের পর পরই আসামি ও ছাত্রলীগের কর্মী রাসেল ওরফে রাপ্পুকে গ্রেপ্তার করে পুলিশ।