খিলগাঁওয়ে দুই পিকেটারের সাজা

জামায়াতে ইসলামীর ডাকে আজ বুধবার ভোর ছয়টা থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার হরতাল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত রাজধানীতে শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। পিকেটিংকালে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে আটক দুজনকে ভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার চার ঘণ্টা পর দলটি এই হরতাল ডাকে।
আজ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রধান সড়কগুলোতে চলাচল করছে বিপুলসংখ্যক রিকশা, সিএনজিচালিত অটোরিকশা। এ ছাড়া কিছু প্রাইভেট কারসহ বিআরটিসির বাস ও গণপরিবহন চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে কর্মজীবী মানুষ ও যানবাহনের সংখ্যা বাড়ছে। ঢাকার আন্তজেলা বাস টার্মিনাল সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
খিলগাঁওয়ে দুজনকে সাজা
সকালে হরতাল চলাকালে পিকেটিং করার অভিযোগে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে দুজনকে আটক করে খিলগাঁও থানার পুলিশ। পরে তাঁদের সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ প্রথম আলো ডটকমকে বলেন, পিকেটিং করার সময় ওই দুজনকে আটক করা হয়। এদের মধ্যে শফিউল্লাহ নামের একজনকে এক বছরের ও আরেকজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
পল্লবীতে তিনজনকে আটক
সকাল পৌনে সাতটায় রাজধানীর মনিপুরের কালশীর ধ-ব্লক এলাকায় শিবিরের কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে পল্লবী থানায় নিয়ে গেছে। পল্লবী থানার ভ্রাম্যমাণ পরিদর্শক সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মতিঝিলে ঢিলেঢালা হরতাল
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে মতিঝিলের প্রধান সড়ক ও দিলকুশা বাণিজ্যিক এলাকায় গণপরিহন চলতে দেখা যায়। এর পাশাপাশি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা চলাচল করছে। তবে বাসের সংখ্যা তুলনামূলক কম।
এ বিষয়ে মতিঝিল থানার পুলিশের পেট্রোল পরিদর্শক (পিআই) শেখ আবুল বাশার প্রথম আলো ডটকমকে বলেন, সকাল থেকে মতিঝিলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন
হরতালের মধ্যেও বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চলছে বলে জানা গেছে। অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান ফটক বন্ধ থাকলেও বিকল্প পথে গ্রাহকেরা তাঁদের কার্যক্রম সারছেন।
অগ্রণী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার এক কর্মকর্তা জানান, তাঁদের শাখায় স্বাভাবিক কার্যক্রম চলছে।
সকাল থেকে স্বাভাবিক লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, বাংলাদেশ ব্যাংকে হরতালের কোনো প্রভাব নেই। কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে ব্যাংকে গেছেন। গ্রাহকেরাও তাঁদের কাজ সারছেন।
পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণ-ভাঙচুর
আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকাল সাতটার দিকে হরতালের সমর্থনে পুরান ঢাকার নয়বাজার এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ব্যানারে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাবুবাজার সেতুর দিকে যাওয়ার সময় পুলিশ তাঁদের উদ্দেশে ফাঁকা গুলি চালায়। এ সময় শিবিরের কর্মীরা তিনটি ককটেলের বিস্ফোরণ ও সড়কে থাকা দুটি যাত্রীবাহী বাসের কাচ ভাঙচুর করে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
এদিকে সকাল ১০টার দিকে ফরাশগঞ্জ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে আবার বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শিবিরের কর্মী সন্দেহে দুজনকে আটক করে গেন্ডারিয়া থানার পুলিশ।