রাজধানীতে চলন্ত ট্রেনে আগুন পুড়ে গেছে তিন বগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে আগুন লেগে আন্তনগর ট্রেন কালনী এক্সপ্রেসের তিনটি বগি পুড়ে গেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি৷ ট্রেনটি সিলেট থেকে ঢাকার কমলাপুর স্টেশনে আসছিল৷
ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে৷
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, গতকাল সকালে কালনী এক্সপ্রেস সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছাড়ে। বেলা একটার পর ট্রেনটি ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে পৌঁছলে চলন্ত ট্রেনের খাওয়ার বগিতে আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ট্রেনটি থামিয়ে দেওয়া হয়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে খাওয়ার বগিসহ তিনটি বগি ও যাত্রীদের মালামাল পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি৷
ট্রেনের যাত্রী হামিদা আক্তার জানান, ট্রেনে আগুন লাগায় তিনি দিশেহারা হয়ে পড়েন এবং কোলের শিশু নিয়ে দ্রুত নেমে যান। কিন্তু সঙ্গে থাকা একটি ব্যাগ নামাতে পারেননি।
বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান জানান, ট্রেনটির খাওয়ার বগিতে প্রথমে আগুন লাগে। পরে তা পাশের দুটি বগিতে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুন লাগার পর চালক ইঞ্জিন বন্ধ করে দিলে কিছুদূর গিয়ে ট্রেনটি থেমে যায়। এতে যাত্রীরা সবাই নিরাপদে নেমে যান। তিনটি বগি আংশিক পুড়ে গেছে। খাওয়ার বগির তেলের চুলা ও গ্যাসের সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
রেলমন্ত্রী মো. মুজিবুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় রেলওয়ে প্রধান প্রকৌশলী মাহবুবুল আলমের নেতৃত্বে চার সদস্যের একটি এবং ডিভিশনাল ট্রেন অপারেটর নাজমুল আলমের নেতৃত্বে বিভাগীয় পর্যায়ে পাঁচ সদস্যের আরেকটি কমিটি গঠন করেছে৷ এ দুই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।