রাজধানীতে চলন্ত বাসে ককটেল নিক্ষেপ, পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 রাজধানীর টিকাটুলি মোড়ে আজ বুধবার রাতে হরতাল সমর্থকদের নিক্ষেপ করা ককটেলের আঘাতে বলাকা পরিবহনের একটি বাসের চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বাসের চালক হান্নান মিয়াকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রাতে গাজীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি সায়েদাবাদে যাচ্ছিল। ১০টার দিকে বাসটি টিকাটুলি মোড়ে পৌঁছালে হরতাল সমর্থকেরা সেটি লক্ষ্য করে পরপর পাঁচটি ককটেল ছুড়ে মারে। এতে অন্তত পাঁচজন আহত হলেও অন্যরা নিরাপদে নেমে যান। এক পর্যায়ে চালকের সামনের কাচ ভেঙে ককটেল বিস্ফোরিত হয়। কাচের টুকরো ও ককটেলের আঘাতে চালক হান্নান মিয়ার মাথা ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত সহকারীরা হান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।

সহকারী আবুল হাশেম বলেন, ককটেলের আঘাতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাত ১২টায় ওয়ারী থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. ইমরান বলেন, এ ঘটনা সম্পর্কে পুলিশ কিছু জানে না।