রাজধানীতে চার নারীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর বিভিন্ন এলাকায় এক কলেজছাত্রীসহ চার নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার পুলিশ তাঁদের লাশ উদ্ধার করেছে।
এর মধ্যে তেজগাঁও এলাকায় অতিরিক্ত ওষুধ সেবন করে রাবেয়া আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ীর মাতুয়াইলে অটোরিকশার ধাক্কায় সুফিয়া বেগম (৭০) নিহত হয়েছেন। দক্ষিণখান থেকে শারমিন আক্তার (২৫) ও খিলক্ষেত থেকে রুবি বেগম (২৫) নামে দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রুবিকে হত্যার পরে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নাখালপাড়ায় অতিরিক্ত ওষুধ সেবনে কলেজছাত্রী রাবেয়ার মৃত্যু হয়েছে। তাঁর মা মমতাজ বেগম জানান, রাবেয়া তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল। রোববার রাত ১০টার দিকে পড়ালেখা নিয়ে মেয়েকে শাসন করেন তিনি। সে ক্ষোভে নিজের কক্ষে থাকা বিভিন্ন ধরনের ওষুধ একসঙ্গে সেবন করে। প্রথমে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ও রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল বেলা দেড়টার দিকে মাতুয়াইল মেডিকেল রোডে অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয় সুফিয়া বেগমের। এলাকাবাসী অটোরিকশাসহ চালককে আটক করে থানায় দিয়েছেন।
হত্যার পরে ঝুলিয়ে রাখার অভিযোগ: খিলক্ষেত থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, গতকাল দুপুর ১২টার দিকে খিলক্ষেতে মাহবুবের বস্তি থেকে রুবি বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রুবিকে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। রুবির স্বামী শফিকুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক।
ঝুলন্ত লাশ উদ্ধার: দক্ষিণখান থানার এসআই ফয়জুদ্দিন মৃধা জানান, রোববার মধ্যরাতে শারমিন আক্তার নামে এক গৃহবধূ ফায়েদাবাদ এলাকার বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সাত বছর আগে মনির হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের তিন বছরের একটি মেয়ে রয়েছে।