রাজধানীতে চারজনের অপমৃত্যু
রাজধানীতে গত দুই দিনে চারজনের অপমৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা সোয়া তিনটার দিকে রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জুয়েল মিয়া (৩০) নামের এক যুবক। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরে।
এ ঘটনার আগে গতকাল সকাল ছয়টার দিকে কাফরুলের সেনপাড়া পর্বতার বাসায় ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মো. রায়হান (১৮) নামের একজন। রায়হান স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। তাঁর বাবা মো. হাবিব।
এদিকে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে খবর পেয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক প্রতিষ্ঠান ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করে পুলিশ। শেরেবাংলা নগর থানার এসআই নূরুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে বলা হয়েছে, ওই লোককে রাতে কে বা কারা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। মৃত ঘোষণার পর বাহকদের পাওয়া যায়নি। এসআই বলেন, আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে, সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ওই ব্যক্তি। তবে তার পরও তদন্ত চলছে।
অন্যদিকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিমানবন্দর গোলচত্বর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়। বিমানবন্দর থানার ওসি শাহ আলম বলেন, ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে পরিচয় জানা যায়নি।