রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু
পৃথক ঘটনায় রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে গাড়িচাপায়। দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে ও গতকাল রোববার এসব ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, শনিবার রাতে তিব্বত মোড়ে রাস্তা পার হওয়ার সময় হক ব্রাদার্সের শ্রমিক রিমা আক্তার (১৭) বাসের ধাক্কায় নিহত হয়েছে। পুলিশ বলাকা পরিবহনের বাসটি আটক করেছে।
মুগদা থানার পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে কমলাপুরের অতীশ দীপঙ্কর সড়কে খেলার সময় হাসান নামের আট বছরের এক পথশিশু গাড়িচাপায় নিহত হয়েছে। পুলিশ গাড়িটি ধরতে পারেনি।
এদিকে শাহজাহানপুর থানার পুলিশ জানায়, শনিবার রাত একটার দিকে উত্তর শাহজাহানপুরের একটি বাসা থেকে ঝুমঝুমি ফারহা (১৭) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে ফ্যানের সঙ্গে ঝুলে মারা গেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঝুমঝুমি আত্মহত্যা করেছে। শাহজাহানপুর থানার এসআই আবু সাঈদ বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঝুমঝুমির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পল্লবী থানা পুলিশ জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১০ নম্বরের এ ব্লকের ৬ নম্বর সড়কের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে আনোয়ার হোসেনের (৩৮) লাশ উদ্ধার করা হয়।
থানার এসআই আবদুল আজিজ বলেন, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, আনোয়ার ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে পুলিশ আনোয়ারের মরদেহ খাটের ওপর পেয়েছে। তাই মৃত্যুর কারণ উদ্ঘাটনে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।