রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে আজ বৃহস্পতিবার পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুলিশের ট্রাফিক কনস্টেবলসহ দুজন সড়ক দুর্ঘটনায় এবং দুজন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন—ট্রাফিক কনস্টেবল মোজাফফর হোসেন (৪২), বৃদ্ধ জহিরউদ্দিন (৭০), জুতার কারখানার মালিক জাকির হোসেন (৪১) ও স্কুল ছাত্রী আয়েশা ইসলাম (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পৌনে পাঁচটার দিকে মহাখালীর স্বাধীন বাংলা ফিলিং স্টেশনের কাছে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল মোজাফফর হোসেন। এ সময় ঢাকা থেকে টাঙ্গাইল রুটে যাতায়াতকারী নিরালা পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে পাশের মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে।
বনানী থানার অপারেশন কর্মকর্তা আবু বকর মিয়া প্রথম আলোকে বলেন, বাসটি আটক করা গেলেও চালক তাঁর সহকারীকে নিয়ে পালিয়ে গেছেন।
আজ সন্ধ্যায় মিরপুরের দিয়াবাড়ি এলাকায় চলন্ত মিনিবাসের ধাক্কায় জহির উদ্দিন নামে এক বৃদ্ধ মারা গেছেন।
রাত ১০ টার দিকে পুরান ঢাকার সুরিটোলা একটি জুতার কারখানার দরজা ভেঙে কারখানা মালিক ভেন্টিলেটনের সঙ্গে নাইলনের রশি পেঁচানো অবস্থায় জাকির হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বলেন, ঋণের টাকা পরিশোধ করতে না পেরে জাকির আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ওইদিন বিকেলে টিভি দেখতে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে রামপুরা ওয়াপদা রোডের বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। গোঙানির শব্দে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে সিলিং ফ্যান থেকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আয়েশা রামপুরা কমিউনিটি সেন্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।