রাজধানীতে চারজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব মানিকনগরের একটি নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধানকারী মুজিবুর রহমান ওই বাড়ির পানির পাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ইস্কাটন গার্ডেন এলাকায় পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান দিনমজুর হাফিজুর রহমান। একই দিন সকাল সাড়ে আটটার দিকে কারওয়ান বাজারসংলগ্ন পূর্ণিমা সিনেমা হলের পাশে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান অজ্ঞাতপরিচয় এক যুবক।এ ছাড়া গত বুধবার মধ্যরাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক শিশু নিহত হয়। কারাবন্দী বিজিবির সদস্যের মৃত্যু: বিডিআর বিদ্রোহ মামলার আসামি বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) জওয়ান বেলায়েত হোসেন বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কারা সূত্র জানায়, বেলায়েত গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।