রাজধানীতে চালককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
রাজধানীর মহাখালী উড়াল সড়কে চালককে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালক আবদুর রউফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রউফের বড় ভাই সাইফুল ইসলাম জানান, রউফ ঢাকা কলেজে অর্থনীতিতে স্নাতকোত্তরের শিক্ষার্থী। তিনি ভোরে নিউমার্কেট এলাকায় নিজের বাসা থেকে মোটরসাইকেলে উত্তরায় যাচ্ছিলেন। মহাখালী উড়াল সড়কে ওঠার সময় সাদা রঙের একটি প্রাইভেট কার রউফের মোটরসাইকেলে গতি রোধ করে। গাড়ি থেকে চার ব্যক্তি নেমে রউফকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। এরপর অজ্ঞাত ব্যক্তিরা রউফের বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কুপিয়ে জখম করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। রউফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হাসান জানান, এ ঘটনায় রউফের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করবেন।