রাজধানীতে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব
রাজধানীতে বেড়েছে চোখ ওঠা রোগের প্রকোপ। একজনের চোখ উঠলে পুরো পরিবারেই তা ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশগত কারণে বর্ষার শুরু ও শেষের দিকে চোখ ওঠা স্বাভাবিক। আতঙ্কিত না হয়ে একটু সাবধানতা অবলম্বন করলে নিজেকে এবং পরিবারের সদস্যদের এ রোগ থেকে রক্ষা করা যাবে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চক্ষু বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ঋতুর পরিবর্তনের কারণে চোখ ওঠা রোগ বেড়েছে। বর্ষা বাড়া ও কমার সময়ে কিছু জীবাণুর প্রাদুর্ভাব হয়। সে সব জীবাণুর সংস্পর্শে এলে মানুষের চোখ ওঠে। তিনি বলেন, চোখ ওঠাকে সাধারণত পানিবাহিত রোগ হিসেবে বিবেচনা করা হয়। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো গবেষণা নেই।চার দিন আগে চোখ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী বিপ্লব সরকারের। তিনি প্রথম আলোকে জানান, ‘চোখ ওঠার পর থেকে চোখ জ্বালাপোড়া করছে, দেখতে কষ্ট হচ্ছে। মনে হয় যেন চোখে ছোট ছোট গোটা উঠেছে। দিনরাত চোখে চশমা দিয়ে থাকতে হচ্ছে।’বিএসএমএমইউর চক্ষু বিভাগের বহির্বিভাগে গতকাল সকালে তিন বছরের বাচ্চা সায়মাকে নিয়ে এসেছিলেন মা আয়েশা আফরোজ। তিনি জানান, ‘সপ্তাহ খানেক আগে আমার চোখ উঠেছিল। এখন ভালো হয়ে গেছে। তবে দুই দিন আগে বাচ্চাটারও চোখ উঠেছে। ও খুবই কষ্ট পাচ্ছে।’ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে গিয়েও কয়েকজন চোখ ওঠা রোগীর দেখা পাওয়া যায়।বিশেষজ্ঞরা জানান, চোখ উঠলে সাধারণত চোখ লাল হয়ে যায়, পিঁচুটি জমে, চোখ জ্বালাপোড়া করে, আলোর দিকে তাকাতে কষ্ট হয়। কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টিশক্তি (ভিশন) কমে আসে। সাধারণত এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে এ রোগ সেরে যায়। তবে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত এ রোগ থাকতে পারে।চোখ ওঠা নিয়ে ভুল ধারণা: অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, অনেকের ধারণা, চোখে বেশি পানি ঢাললে এ রোগ ভালো হয়। কিন্তু এ বিষয়টি ঠিক নয়। কারণ পানি জীবাণুমুক্ত কি না, সে বিষয়টি আমরা নিশ্চিত নই। এ কারণে চোখে অতিরিক্ত পানি ব্যবহারের কারণে রোগটি আরও জটিলতা তৈরি করতে পারে।করণীয়: বিশেষজ্ঞরা জানান, চোখ ওঠা একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। তাই রোগীর ব্যক্তিগত ব্যবহারের জিনিস (বিশেষ করে সাবান, তোয়ালে, বালিশ) আলাদা করতে হবে। নইলে একজন আক্রান্ত হলে পুরো পরিবার কিংবা তাঁর সঙ্গে থাকা সবাই এ রোগে আক্রান্ত হতে পারেন।এ রোগের ক্ষেত্রে চোখে অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করা যেতে পারে। কারণ প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে সবার মধ্যে তা ছড়িয়ে পড়তে পারে। তবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।