রাজধানীতে ছাত্রলীগ নেতা ও গৃহবধূ খুন
পৃথক ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় ও রাতে রাজধানীতে দুজন খুন হয়েছেন। এদের মধ্যে গোড়ানে অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে নিহত হয়েছেন ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা। অপর ঘটনায় বাসাবোতে দেবরের ছুড়ে মারা ফুলের টবের আঘাতে খুন হয়েছেন এক গৃহবধূ। দেবরের ফুলের টবের আঘাতে নিহতের নাম মরিয়ম বেগম শিউলী (৩২)। পূর্ব বাসাবোর ৭৯/৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ঘাতক দেবর মহসিন আহমেদ রিপন ও মরিয়ম দুজনই এই বাড়িতেই থাকতেন। সবুজবাগ থানার পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঘাতক রিপনের সঙ্গে তাঁর বড় ভাই (মরিয়মের স্বামী) শাহ আলমের সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় শিউলী চারতলা বাসার ছাদে ফুলের টবে পানি দিতে গেলে সেখানেই দেবর রিপনের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মরিয়মকে লক্ষ্য করে রিপন একটি মাটিভর্তি ফুলের টব ছুড়ে মারেন। টবটি মরিয়মের মাথায় লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর রিপন টব দিয়ে তাঁর মাথায় আরও কয়েকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে রিপন পলাতক। পুলিশ নিহত মরিয়মের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।অপরদিকে দক্ষিণ গোড়ানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন স্থানীয় ছাত্রলীগের নেতা আলী রেজা সেতু (২০)। এ সময় রনি (১৯) নামের ছাত্রলীগের অপর নেতা পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত নয়টার দিকে দক্ষিণ গোড়ান আদর্শ বালিকা বিদ্যালয়ের পাশে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত সেতু, রনিসহ তিনজন দোকানের সামনে কথা বলছিলেন। এ সময় তিন গলি থেকে ১৫-২০ জন কিশোর-তরুণ এসে তাঁদের গুলি করে চলে যায়। এতে সেতু কানে ও বুকে এবং রনি পায়ে গুলিবিদ্ধ হন।সেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চমাধ্যমিকের ছাত্র ছিলেন। তিনি ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। রনিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। নিহত সেতুর বাবা ব্যবসায়ী সেলিম রেজা। পূর্ব গোড়ানের তালুকদার গলিতে নিজেদের বাড়িতে তাঁরা থাকেন।