রাজধানীতে ছাত্রশিবিরের হরতালে সাড়া মেলেনি
ছাত্রশিবিরের ডাকা গতকাল বৃহস্পতিবারের হরতালে রাজধানীতে সেভাবে সাড়া মেলেনি। সারা দিনই শহরে প্রচুর বাস, অটোরিকশা চলেছে। বিশেষ করে রাস্তায় কারসহ অন্যান্য ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বড় রাস্তাগুলোয় দিনের বিভিন্ন সময়ে যানজট লাগতেও দেখা গেছে। সাম্প্রতিক অন্য কোনো হরতালে এমন চিত্র দেখা যায়নি।ছাত্রশিবির সকালে রাস্তায় যে বিচ্ছিন্ন পিকেটিং করে, তার পুরোটাই ছিল যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগনির্ভর। পিকেটিংয়ের সময় গাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানোয় শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পাঁচ নেতা-কর্মীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই পাঁচজন হলেন ওয়াসিম মাহমুদ, ইয়াসিন, জসিম উদ্দিন, আল-ইমদাদ ও মাসুদুর রহমান। সকাল সাড়ে ছয়টার দিকে বাহাদুরশাহ পার্ক এলাকায় তিনটি গাড়িতে আগুন, প্রায় ২০টি ভাঙচুর ও পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটান তাঁরা। এ সময় পুলিশের গুলিতে দুজন আহত হন। ঘটনাস্থল থেকে এই দুজনসহ পাঁচজনকে আটক করা হয় বলে কোতোয়ালি থানার পুলিশ দাবি করেছে।সকাল সাড়ে আটটার দিকে নয়াবাজার এলাকায় আবারও মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। পুলিশ তাদের ধাওয়া করলে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, সাজা পাওয়া ব্যক্তিদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী: সকাল সাড়ে ছয়টার দিকে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ নতুন রাস্তায় শিবিরের কর্মীরা চলন্ত একটি বাসে ইটপাটকেল ছুড়ে আগুন ধরিয়ে দেন। এতে যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে পড়েন। ইটপাটকেলের আঘাতে মজিদ নামের এক যাত্রী আহত হন। পরে পুলিশ সেখান থেকে একজনকে আটক করে। ঘটনাস্থলে থাকা লোকজন জানান, আটক করা ব্যক্তি বাসেরই যাত্রী ছিলেন। হামলার সময় ফটোসাংবাদিকদের তোলা ছবিতেও ওই লোককে বাস থেকে নামতে দেখা গেছে।একই সময় যাত্রাবাড়ীর বিবিরবাগিচা ২ নম্বর গেট এলাকায় শিবির একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয়। পুলিশ ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।শনিরআখড়া: সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে রায়েরবাগ এলাকায় শিবিরের কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এখানেও পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। মগবাজার-মালিবাগ-কারওয়ান বাজার ও বাংলামোটর: এসব এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মগবাজার ও মালিবাগ মোড়, মালিবাগ রেললাইনসংলগ্ন এলাকা, বাংলামোটর মোড়সহ এসব জায়গার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল পুলিশ।