রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর সেগুনবাগিচায় ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে তানজিরা রহমত (৬) নামের এক শিশু মারা গেছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
সোমবার দুপুর ১২টায় এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পৌনে একটায় শিশুটিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
শিশুটির চাচা মঞ্জুরুল বলেন, তানজিরার মা ছাদে কাপড় শুকাতে দেওয়ার সময় বাচ্চাটিও ছাদে খেলা করছিল। একপর্যায়ে সে ছাদের রেলিং ধরে নিচে পড়ে যায়। মঞ্জুরুল জানান, চাঁদপুরের সদরের মমিন বাড়ি এলাকায় তানজিরাদের বাড়ি। তার বাবার নাম রহমত উল্লাহ। রহমত উল্লাহ পরিবার নিয়ে বর্তমানে ১০/সি সেগুনবাগিচার ছয়তলা ভবনের ছাদসংলগ্ন ফ্ল্যাটে ভাড়া থাকেন। নিহত তানজিরার এক ছোট ভাই রয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, শিশুটি আশঙ্কাজনক অবস্থায় ওয়ানস্টপ আইসিইউতে চিকিৎসাধীন ছিল। বিকেলে সেখানে তার মৃত্যু হয়। মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।