রাজধানীতে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতের এ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়।ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একই চক্রের। তাঁরা হলেন মোবারক হোসেন, শহিদুল ইসলাম, ফখরুল ইসলাম, সুমন হোসেন, কামরুজ্জামান ইমরান, হালিমা আক্তার ও সুচন্দ্রা মান্না রাবেয়া। হালিমা ফখরুলের দ্বিতীয় স্ত্রী।রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে গতকাল শুক্রবার প্রেস ব্রিফিংয়ে ডিএমপির মুখপাত্র যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গোপন খবরের ভিত্তিতে ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি দল প্রথমে বৃহস্পতিবার রাত আটটার দিকে মিরপুরের শাহ আলী থানার মসজিদুল আকবর মার্কেটে অভিযান চালায়। সেখানে অস্ত্র কেনাবেচার সময় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও নয়টি গুলিসহ মোবারক ও শহীদুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে ডিবির সদস্যরা মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ১৩টি গুলিসহ ফখরুল ও সুমনকে গ্রেপ্তার করেন। পরে রাত ১০টার দিকে মোহাম্মদপুরের হাজি চিনু মিয়া সড়কের একটি বাসা থেকে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, ২০০টি ইয়াবা বড়িসহ কামরুজ্জামান, হালিমা ও সুচন্দ্রাকে গ্রেপ্তার করা হয়।মনিরুল বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঢাকায় একাধিক স্থানে বাড়ি ভাড়া করে অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। তাঁরা পাঁচ থেকে ১০ হাজার টাকায় অস্ত্র ভাড়াও দিতেন। আগামী নির্বাচনগুলোতে ব্যবহারের জন্য এসব অস্ত্র আনা হয়।ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, চক্রটি বিদেশ থেকে আনার পর চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও যশোর দিয়ে ২২টি আগ্নেয়াস্ত্র রাজধানীতে এনেছিল। অভিযানের আগেই ১৬টি আগ্নেয়াস্ত্র চক্রটি সরবরাহ করে ফেলেছে। বাকি ছয়টি উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ওই ১৬টি আগ্নেয়াস্ত্রের সরবরাহের স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে অভিযান চালানো হবে। ছানোয়ার হোসেন বলেন, ফখরুলের মাদক ব্যবসা পরিচালনা করতেন হালিমা। তাঁর সঙ্গে থাকতেন কামরুজ্জামান ও সুচন্দ্রা। মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদতের সহযোগী কামরুজ্জামান সম্প্রতি ভারত থেকে এসেছেন, তিনি ভারতে শাহাদতের সঙ্গেই ছিলেন।ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুল জানিয়েছেন, একজন রাজনৈতিক নেতা সামনে নির্বাচনের কথা বলে তাঁর কাছে ১৫টি অস্ত্র চেয়েছেন। তাঁকে দুটি অস্ত্র দেওয়া হয়েছে। ডিবির এক কর্মকর্তা বলেন, ওই নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।