রাজধানীতে জঙ্গি সন্দেহে আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রায়েরবাজারে একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে পাঁচজনকে আটক করেছে র্যা ব। র্যা বের ভাষ্য, আটক পাঁচজন নতুন জঙ্গি সংগঠন ‘আল-আনসার’-এর সদস্য। তাঁদের মধ্যে সংগঠনটির সমন্বয়ক রাশিদুল আলম ওরফে রাশেদ ওরফে বাবুও রয়েছেন।
অন্যরা হলেন মো. আবু বক্কর ওরফে মনির (২৩), মো. আবদুল্লাহ আল মামুন মিয়া (২৬), রাইসুল ইসলাম ওরফে রাসেল (২৫) ও আবদুল মালেক।
র্যা ব সূত্র জানায়, র্যা বের গোয়েন্দা দল জানতে পারে রাজধানীতে বড় ধরনের নাশকতা করার লক্ষ্যে রায়েরবাজারে একটি বাসা ভাড়া করে জঙ্গিরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যা ব-২-এর একটি দল গত মঙ্গলবার গভীর রাতে রায়েরবাজারের আল জামিয়াতুল মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার দক্ষিণ পাশের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে নতুন জঙ্গি সংগঠন আল-আনসারের সমন্বয়কারী রাশিদুল আলম, সদস্য আবু বক্করকে (২৩) আটক করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে পরে গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে রায়েরবাজারের বারইখালী এলাকার একটি বাসা থেকে আটক করা হয় আবদুল্লাহ আল মামুন মিয়া (২৬), রাইসুল ইসলাম (২৫) ও আবদুল মালেককে (৩৫)। এ সময় ওই বাসা থেকে বিভিন্ন ধরনের জিহাদি বই, প্রশিক্ষণ বই, কম্পিউটার, ল্যাপটপ, ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করে র্যা ব।
র্যা ব-২-এর পরিচালক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আটক জঙ্গিরা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য। তাঁরা দুই বছর আগে নতুন জঙ্গি সংগঠন আল-আনসারের কার্যক্রম শুরু করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে।
র্যা বের কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারকৃত জঙ্গিরা জিজ্ঞাসাবাদে বলেছেন, প্রায় দুই বছর আগে রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসায় পড়ার সময় রাশিদুল আলমের সঙ্গে ওয়ালিদ হামজা নামের এক ব্যক্তির পরিচয় হয়। ওয়ালিদ হামজা সাত-আট মাস আগে তাঁকে হোসনাইন নামের আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন থেকে ওই দুই ব্যক্তি তাঁকে (রাশিদুল আলম) জঙ্গি কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেন। হোসনাইন গত জানুয়ারিতে নিজের নামে রায়েরবাজারের বাসাটি ভাড়া নেন। পরে হোসনাইন চলে যাওয়ার সময় রাশিদুল আলমকে ওই বাসায় রেখে যান। হোসনাইন জঙ্গিবাদে উসকানিমূলক বেশ কিছু আরবি বই ও ভিডিও লেকচার তাঁদের দিয়ে পারিশ্রমিকের বিনিময়ে অনুবাদ করান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যা ব-২ সাত-আট মাস আগে জানতে পারে, হাজারীবাগের আল জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার পাশে একটি বাসায় কিছু সন্দেহভাজন জঙ্গি অবস্থান নিয়েছে। কিছুদিন তাদের কার্যক্রম বন্ধ ছিল। কারণ, তিন-চার মাস পর পর তারা বাসা পরিবর্তন করে। ১৫-২০ দিন আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যা ব জানতে পারে, আল-আনসারের সদস্যরা রায়েরবাজারের বাসায় এসেছেন।
র্যা ব-২-এর পরিচালক বলেন, রাশিদুল আলম জিহাদি বইয়ের অনুবাদক, সংগঠনের প্রশিক্ষক ও সমন্বয়কারী হিসেবে সদস্যদের প্রশিক্ষণ দেন। আটক আবদুল্লাহ আল মামুন মিয়া (৩০) সংগঠনের জিহাদি বই কম্পিউটারে টাইপ করেন। রাইসুল ইসলাম সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন মালামাল বহন করেন। আবু বক্কর রিকশায় সংগঠনের মালামাল বহন করেন। মালেকও সংগঠনের বিভিন্ন মালামাল বহন করেন।
ছাত্রশিবিরের ১৪ কর্মী আটক: রাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকার একটি মেসে অভিযান চালিয়ে গত মঙ্গলবার গভীর রাতে ১৪ জনকে আটক করা হয়েছে। সেখান থেকে বেশ কিছু উগ্রপন্থী বই ও সরকারবিরোধী প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য, তাঁরা সবাই ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মী।
হাজারীবাগ থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মধুবাজার এলাকার ১৮৯ নম্বর বাড়ির নিচতলার মেসে অভিযান চালানো হয়। রাত তিনটা পর্যন্ত চলা অভিযানে সেখান থেকে বিপুলসংখ্যক উগ্রপন্থী বই ও সরকারবিরোধী প্রচারপত্র উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলীমুজ্জামান প্রথম আলোকে বলেন, নাশকতার পরিকল্পনা করতে একটি বৈঠক চলছিল সেখানে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, হাজারীবাগের মেসে আটক যুবকদের মধ্যে সাইফুল ইসলাম নামের একজন নিজেকে ছাত্রশিবিরের ‘পরিচালক’ বলে পরিচয় দিয়েছেন। তাঁরা সবাই শিবিরের কর্মী-সমর্থক। তাঁরা তিন মাস আগে ২২ হাজার টাকা ভাড়ায় এই মেসে ওঠেন। এর আগে ওই রাতে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকার একটি মেসেও অভিযান চালানো হয়। তবে সেখানে কিছু পাওয়া যায়নি।