রাজধানীতে জমে উঠেছে কেনাকাটা, মানুষের ভিড়ে পা ফেলা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন পরেই ঢাকা ছাড়বে মানুষ। সে হিসেবে ঈদের বাজারের শেষ শুক্রবার ছিল আজ। শপিং মল ও মার্কেটগুলোয় ছিল প্রচণ্ড ভিড়। নিউমার্কেট, ঢাকা, ৮ জুন। ছবি: আবদুস সালাম
কদিন পরেই ঢাকা ছাড়বে মানুষ। সে হিসেবে ঈদের বাজারের শেষ শুক্রবার ছিল আজ। শপিং মল ও মার্কেটগুলোয় ছিল প্রচণ্ড ভিড়। নিউমার্কেট, ঢাকা, ৮ জুন। ছবি: আবদুস সালাম

পুরোনো এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং মলের সিঁড়িতে সারি ধরে লোকজন বসা। মার্কেট থেকে মার্কেটে ছুটতে গিয়ে এঁরা একটু জিরিয়ে নিচ্ছেন। সুমনা রহমান সঙ্গে তিন ছেলেমেয়েসহ সকাল থেকে ঘুরছেন। জানালেন, ভিড়ের কারণে দুপুর গড়িয়ে বিকেল হলেও এখনো কেনাকাটা শেষ হয়নি।
ঈদের আগে আজ শেষ শুক্রবার না হলেও ক্রেতা ও বিক্রেতাদের জন্য শেষই বটে। পরের শুক্রবার আসার আগেই উৎসব করতে মানুষ ঢাকা ছাড়বে। অন্যদিকে প্রায় সবার হাতে বেতন-বোনাস চলে এসেছে। তাই রাজধানীর শপিং সেন্টার ও মার্কেটগুলোয় মানুষের ভিড়ে পা ফেলা দায়। আর সড়কে গাড়ির সংখ্যা দেখে বোঝার উপায় নেই আজ ছুটির দিন।
ইস্টার্ন মল্লিকার ‘এমি গার্মেন্টস’–এর বিক্রয়কর্মী মো. কুদ্দুস বলেন, ‘এই কয়েক দিন বেচাকেনা হইলেও ঈদ-ঈদ লাগে নাই। আজকে দোকান খোলার সঙ্গে সঙ্গে কাস্টমার আসছে।’ আজকের দিনে কথা বলারও ফুরসত নেই দোকানিদের। ক্রেতা সামলাতে তাঁরা ভীষণ ব্যস্ত।
দূর থেকে গাউছিয়ার দিকে তাকালে মনে হবে পিঁপড়ার সারি ঢুকছে-বেরোচ্ছে। আয়নাল হোসেন স্ত্রীকে সঙ্গে নিয়ে গাউছিয়ায় ঢুকছেন। ভিড় হবে জেনে সন্তানদের রেখে এসেছেন। তিনি বলেন, ‘জানতাম আজ এ অবস্থা হবে। কিন্তু কী করব, বেতন তো পাইলাম কয়দিন আগে। এখন বাড়ির সবার কেনাকাটা করতে হবে।’
এই মার্কেটের ব্যবসায়ীরা আজ বেশ খুশি। কেনাকাটা জমে উঠেছে। ‘সোনালি ফ্যাশন’–এর ম্যানেজার সালাম মিয়া বলেন, ‘মানুষের হাতে টাকা আসছে, তাই আজ ভিড়। আর ঈদের ছুটি শুরু হওয়ার আগে আজই তো শেষ সাপ্তাহিক ছুটি। এরপর তো সব গ্রামের বাড়ি রওনা দেবে। কত রাত পর্যন্ত দোকান খোলা রাখতে হয় ঠিক নাই।’
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঢুকতে ঢুকতে একজন আরেকজনকে বলছে, ‘মার্কেটের যে অবস্থা, জিনিসপত্রের চেয়ে মানুষ বেশি।’ এখানেও প্রবেশ করতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে। এ ছাড়া সিঁড়িতে মাইকিং করে বলা হচ্ছে কেউ যেন ভিড় না করে ও অযথা দাঁড়িয়ে না থাকে। শায়রুল কবির পরিবারের সবাইকে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘বউ-বাচ্চা বাড়ি পাঠিয়ে দেব আগেই। তাই কেনাকাটা সব শেষ করে নেব।’ শায়রুলের মতো আরও অনেকের জন্যই আজ ঈদের বাজার হিসেবে শেষ শুক্রবার। কাল বা পরশু থেকে হয়তো অনেকেই বাড়ির পথ ধরবে।
মেয়েদের পোশাকের দোকান ‘অর্নিমা সিটি’র সহকারী ম্যানেজার আবুল হোসেন বলেন, অন্যদিনের চেয়ে আজকে বিক্রি ভালো। তবে তাঁর অভিযোগ, তাঁদের নিয়মিত ক্রেতারা এবার আসেননি। ভারতে কেনাকাটা করেছেন। তাঁর বিশ্লেষণ, এই মার্কেটে এবার বাইরে থেকে আমদানি করে আনা পোশাকের দোকানগুলোর ক্রেতা পাল্টেছে। উচ্চবিত্তরা ছিল তাঁদের মূল ক্রেতা। কিন্তু কয়েক বছর ধরে মধ্যবিত্তরা ভিড়তে শুরু করেছে।
দেশি বা বিদেশি ব্র্যান্ডের দোকানগুলোয় ভিড় একটু বেশিই। ‘ক্যাটস আই’য়ে ছেলের শার্ট পছন্দ করতে করতে মাহিম আক্তার বলেন, ‘সব মানুষ মনে হচ্ছে আজই বের হইছে। কোনো কিছু দেখেও শান্তি পাচ্ছি না। রাস্তায়ও কোনো শুক্রবারে এত ভিড় দেখি নাই। রাস্তা-মার্কেট সবখানে জ্যাম।’