রাজধানীতে জমে উঠেছে গরুর হাট
ঈদ যতই ঘনিয়ে আসছে, রাজধানীর পশুর হাটগুলোর বেচাকেনা ততই বাড়ছে। ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট হয়ে উঠেছে পশুর হাটগুলো। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কিছুটা দ্বিমত থাকলেও বিকিকিনিতে খুশি উভয় পক্ষই।
আজ রোববার রাজধানীর আফতাবনগর হিসেবে পরিচিত বাড্ডা হাটে (ইন্দুলিয়া-দাউকান্দি-বাঘাপুর) গিয়ে দেখা যায়, প্রচুর গরু কেনাবেচা হচ্ছে। আফতাবনগরের মূল প্রবেশপথে ঢুকেই দেখা গেল, প্রচুর লোক গরু কিনে বের হয়ে আসছেন। প্রবেশপথের বাইরেও অনেককেই গরু নিয়ে বাড়ির দিকে ছুটতে দেখা যায়।
রাজধানীর তেজকুনি পাড়ার তোফাজ্জল রহমান নামের একজন মাঝারি আকারের একটি গরু নিয়ে ফিরছিলেন। জানতে চাইলে তিনি বলেন, গরুটির দাম পড়েছে ৬২ হাজার টাকা। এর সঙ্গে আরও ৩ হাজার ১০০ টাকা হাসিল দিতে হয়েছে। গরুটি কিনতে পেরে তিনি খুব খুশি বলে জানালেন। এ সময় আরও কয়েকজনের কাছে জানতে চাইলে বলেন, কেউ কিনেছেন ৪৬ হাজার টাকায়, কেউ ৬২ হাজার টাকায়, কেউবা আবার ৫২ হাজার টাকায় কিনেছেন গরু। তবে এবার গরুর দাম একটু বেশি বলে জানান কায়েস নামের একজন ক্রেতা।
পরে ভেতরে একটি হাসিল ঘরে গিয়ে জানা গেল, আজ রোববার প্রচুর গরু বেচাকেনা হচ্ছে। একটি হাসিল ঘরের হিসাবকারী (কাউন্টার) আবদুস সালাম জানান, আজ সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা হাসিল আদায় হয়েছে। আরেকটি হাসিল ঘরে গেলে হান্নান সরকার নামের একজন হাসিল আদায়কারী বলেন, তাঁদের হাসিল ঘরে আজ সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত প্রায় ৬০০ গরু বিক্রির তথ্য নিবন্ধন করা হয়েছে। তিনি জানান, এই হাটে এ রকম ১০টি হাসিল ঘর রয়েছে।
অন্যদিকে এবার গরু বিক্রি করে বিক্রেতারাও বেশ খুশি। তাঁদেরই একজন বাহার আলী। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে ৫০টি গরু নিয়ে এসেছিলেন। এর মধ্যে ১৭টি বাকি আছে, বাকি গরুগুলো এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, লাভের পরিমাণে তিনি খুশি। তাঁর গরুগুলো ৫০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি করেছেন বলে জানালেন। গরুর আমদানি এবং দামে বিক্রেতারা যেমন খুশি, তেমনি ক্রেতারাও বেশ সন্তুষ্ট। তবে আগামীকাল সোমবার দাম বাড়তে পারে বলে তিনি ধারণা করছেন।
পরশু ১৩ সেপ্টেম্বর সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।