রাজধানীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক আট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দৈনিক বাংলার মোড়ে আজ বুধবার বিকেলে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।


আহত ব্যক্তিদের মধ্যে আবদুল কুদ্দুস (৩০) নামের এক পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল পৌনে ছয়টার দিকে দৈনিক বাংলার মোড় থেকে জামায়াত-শিবিরের কর্মীরা ব্যানার নিয়ে মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে তাঁদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানচলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশ শটগানের গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নেওয়া পথচারী আবদুল কুদ্দুস জানান, তিনি দৈনিক বাংলার ফুটপাতে ফল বিক্রি করেন। তাঁর পায়ে গুলি লেগেছে। সংঘর্ষের সময় পুলিশ গুলি চালালে আরও চারজন আহত হন।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মহা. আশরাফ উজ জামান প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছুড়তে বাধ্য হয়েছে। জামায়াত-শিবির কর্মীদের হামলায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন।